মরিনহো ইন্দোনেশিয়ায়?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা নিষিদ্ধ করে রেখেছে, র্যাঙ্কিং ১৮৫, ইন্দোনেশিয়া যে আসলে ফুটবল খেলে, সেটাই বোধ হয় হোসে মরিনহো ঠিকঠাক জানেন না! অথচ সেই মরিনহোকে কোচ করার অদ্ভুত এক স্বপ্ন দেখছে ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন। আর এই স্বপ্নের কথাটি বলেছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী ইমাম নাহরাভি। এর আগে সিরিয়া থেকেও একবার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মরিনহো! চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর দিনকাল কি এতই খারাপ যাচ্ছে স্বঘোষিত স্পেশাল ওয়ানের? ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, চেলসির পরে শেষমেশ কিনা ইন্দোনেশিয়া! ক্রীড়ামন্ত্রী নাহরাভি অবশ্য এত কিছু ভাবছেনই না। মনে হচ্ছে, ফুটবলের মহারথী কাউকে ইন্দোনেশিয়ার কোচ করার ব্যাপারে তিনি আটঘাট বেঁধেই নেমেছেন। নইলে কি আর বলেন, মরিনহো রাজি না হলে গাস হিডিঙ্ক তাঁদের দ্বিতীয় পছন্দ! আইএএনএস।