মরিনহো ও লেডি ডাক্তার কার্নেরো

চেলসি কোচ হোসে মরিনহো বেজায় চটেছেন তাঁর সহযোগীদের ওপর। সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে মাঠে দলের পারফরম্যান্স যতটা না পীড়া দিচ্ছে মরিনহোকে তার চেয়ে অনেক বেশি পীড়া দিচ্ছে কোচিং স্টাফদের পারফরম্যান্স। ডাগ আউটে তাঁর সঙ্গে যারা বসে থাকেন, তারা ফুটবল খেলাটা আদৌ বোঝেন কিনা—এ নিয়েই প্রচণ্ড সন্দেহ পর্তুগিজ এই কোচের।
মরিনহোর মূল রাগটা চেলসির নারী চিকিৎসক ইভা কার্নেরোর ওপর। সোয়ানসি ম্যাচে এডেন হ্যাজার্ডের চোট এই চিকিৎসক যেভাবে সামাল দিয়েছেন, সেটাই মেনে নিতে পারছেন না এই রগচটা কোচ। কার্নেরোকে ইঙ্গিত করেই মরিনহো বলেছেন, ‘সাইড বেঞ্চে আমার সঙ্গে ডাক্তার, কিটম্যান কিংবা অফিস-স্টাফ, যে-ই বসুক। তাঁকে অবশ্যই ফুটবল খেলাটা বুঝতে হবে।’
কার্নেরো ফুটবল খেলাটা কেমন বোঝেন সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু তিনি যে নিজের ফুটবলপ্রেম প্রমাণ করেই চেলসির মতো দলের প্রধান চিকিৎসক হয়েছেন—এটা নিয়ে কোনো সন্দেহই নেই। ফুটবলটা যদিও খুব বেশি দিন অনুসরণ করেন না তিনি! ১৯৯৮ সালের বিশ্বকাপই প্রথমবারের মতো তাঁর মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসাটা জাগিয়ে তুলেছিল। ২০০৯ সালে চেলসিতে যোগ দিয়েছিলেন প্রথম। ২০১১ সালে ভিয়াস-বোয়াসই তাঁকে প্রথম দলের চিকিৎসকের ভারটা তুলে দিয়েছিলেন।
জিব্রাল্টারে জন্ম কার্নেরোর। বাবা স্প্যানিশ, মা ইংরেজ। পড়াশোনা অস্ট্রেলিয়ায়। চিকিৎসা-বিদ্যায় এমএসসিটা অবশ্য করেছেন লন্ডনে। এক সময় সমর্থন করতেন রিয়াল মাদ্রিদকে। চাকরি জীবনে খারাপ দিন আসতেই পারে একজনের, কিন্তু সোয়ানসি ম্যাচটা হয়তো কার্নেরোর জন্য ছিল বাজে দিনই।
মরিনহো হ্যাজার্ডের সমস্যাটিকে বলেছেন কার্নেরোর ‘অনভিজ্ঞতা’ হিসেবে। হ্যাজার্ডকে মাঠের বাইরে নিয়ে যাওয়াটাই পছন্দ হয়নি তাঁর, ‘হ্যাজার্ড মাঠের বাইরে থাকায় আউটফিল্ডে ছিল মাত্র আটজন চেলসি ফুটবলার। থিবো কর্তুয়া লালকার্ড দেখায় এমনিতেই আমরা দশজনে খেলছিলাম। এসময় সামান্য আঘাতেই হ্যাজার্ডকে মাঠের বাইরে নিয়ে খুব খারাপ কাজ করেছে কার্নেরো।’
তিনি কার্নেরোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিক এই জায়গাতেই, মেডিকেল স্টাফ হিসেবে মাঠে ঢোকার সময় নিশ্চিত হতে হবে একজন খেলোয়াড়ের চোট সম্পর্কে। হ্যাজার্ডের আঘাত যেহেতু তেমন গুরুতর কিছু ছিল না, তাই আমার মনে হয়, সে এ ক্ষেত্রে যথেষ্ট অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে।’
মরিনহোর এসব মন্তব্য শুনে বেচারা লেডি ডাক্তারের মনোভাব কী, সেটা অবশ্য জানা যায়নি। সূত্র: দ্য মেইল অনলাইন।