মরিনহো কিছুই জানেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ যখন প্রায় শেষ, লিভারপুলের সমর্থকদের একটা অংশ গান গাইতে শুরু করল, ‘ইউ আর গেটিং স্যাকড ইন দ্য মর্নিং’। অর্থাৎ সকালেই তুমি ছাঁটাই হয়ে যাচ্ছ। এই ‘তুমি’টা কে না বললেও চলছে—চেলসি কোচ হোসে মরিনহো। অবশ্য লিভারপুলের সমর্থকদের গানটা এখনো সার্থকতা পায়নি। ম্যাচ হয়েছে পরশু, তাতে লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। গতকাল সকালে তো বটেই, রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্তও চাকরিটা বহালতবিয়তেই আছে মরিনহোর।

এখনো ছাঁটাই হননি, তবে সামনে হতেই পারেন। মরিনহোকে ঘিরে থাকা মেঘটা যে সরছে না। লিভারপুলের কাছে হারটা এবারের লিগে ১১ ম্যাচে চেলসির ষষ্ঠ। লিগে ১৫তম অবস্থানে, বাদ পড়ে গেছে লিগ কাপ থেকেও। লিভারপুলের ম্যাচটি ঘিরে তাই একটা গুঞ্জন ছিল, এই ম্যাচে হারলেই মরিনহোর বিদায়। তবে এ-যাত্রা যদি বেঁচেও যান, খুব বেশি সময় তিনি পাবেন না। এ মাসে আন্তর্জাতিক বিরতির আগে আর দুটি ম্যাচ আছে। তাতে ভালো ফল করাটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

একে তো চাকরি হারানোর গুঞ্জন, সঙ্গে রেফারিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) জরিমানা। দুয়ে মিলে ম্যাচ শেষে মরিনহোর প্রতিক্রিয়াটা হলো দেখার মতো। প্রশ্ন যা-ই হোক, নতুন বিতর্কের শঙ্কায় থাকা মরিনহোর উত্তর, ‘আমি জানি না।’ ম্যাচটা কীভাবে চেলসির হাত ফসকে গেল? ‘আমি জানি না।’ লিভারপুলের লুকাস লেইভার লাল কার্ড পাওয়া উচিত ছিল কি না? ‘আমি জানি না।’ কস্তা-স্কার্টেল ঠোকাঠুকির বিষয়ে—‘আমি জানি না।’

কিছু বলার দায়িত্বটা ছেড়ে দিলেন সাংবাদিকদের ওপর, যেহেতু তাঁরা ‘এফএর শাস্তি পাচ্ছেন না।’ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনহো অবশ্য প্রশ্ন তুললেন প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের হয়ে কুতিনহোর প্রথম গোলটি নিয়েই, ‘অতিরিক্ত সময় ছিল ২ মিনিট। আমরা গোলটা খেলাম ২ মিনিট ৩৫ সেকেন্ডে।’ তবে ম্যাচটা হারলেও নিজে চাকরি নিয়ে খুব একটা শঙ্কিত নন মরিনহো। সুখবর, পর্তুগিজ কোচ, পাশে পেয়েছেন সমর্থকদেরও।

পৌষ মাস চলছে ইয়ুর্গেন ক্লপের। গত সপ্তাহে লিগ কাপে বোর্নমাউথের বিপক্ষে জয় দিয়ে লিভারপুলের কোচ হিসেবে জয়ের খাতা খুলেছেন। আর পরশু এল লিগের প্রথম জয়। একটা রেকর্ডও হয়ে গেল এতে—১৯৭৪ সালে বব পেইসলির পর এই প্রথম কোনো লিভারপুল কোচ দায়িত্ব নিয়ে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত। যদিও এখনই শিরোপা জয়ের প্রত্যাশাটাকে ‘পাগলামি’ বলে উড়িয়ে দিলেন পয়েন্ট তালিকায় সাতে ওঠা লিভারপুলের জার্মান কোচ। এএফপি।