মরিনহো-গার্দিওলা দ্বৈরথ পিছিয়ে গেল
পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর দ্বৈরথের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল কালই। কিন্তু এই শুরুটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। খারাপ আবহাওয়ার কারণে বেইজিংয়ের ম্যানচেস্টার ডার্বি বাতিল হয়ে গেছে।
প্রাক্-মৌসুম ম্যাচ উপলক্ষে ম্যানচেস্টারের দুটি দলই ছিল চীনে। কিন্তু কদিন ধরেই অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে দেশটিতে। অতিবৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে, এরই মধ্যে দেশজুড়ে ৩ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে। মারা গেছে প্রায় দুই শ জন। টানা বৃষ্টিতে বেইজিংয়ের মাঠে খেলাটাও হয়ে পড়েছে বিপজ্জনক। মাঠকর্মীরা গত পরশু মাঠ ঠিকঠাক করার চেষ্টা কম করেনি। কিন্তু শেষ পর্যন্ত মাঠটিকে খেলার উপযুক্ত করে তোলা যায়নি। সে কারণেই কাল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইউনাইটেড ও সিটির হয়ে মরিনহো-গার্দিওলার ডাগআউটের লড়াইটা তাই সম্ভবত প্রিমিয়ার লিগ দিয়েই শুরু হবে। এএফপি।