মরিনহোকে ফোন ম্যারাডোনার
ম্যাচে এগিয়ে গিয়ে, পুরোটা সময় আর্সেনালকে দাবিয়ে রেখেও শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র। হোসে মরিনহোর সেটি ভালো লাগার কথা নয়। লাগেওনি এবং সেটি পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনে বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। তবে ম্যাচের পর মরিনহোর বিরক্তিটা সম্ভবত কেটে গেছে একটা ফোন পেয়ে। ফোনের ও প্রান্তে যে ছিলেন ডিয়েগো ম্যারাডোনা!
আর্জেন্টাইন কিংবদন্তি মরিনহোর কোচিংয়ের ভক্ত, সেটি অনেকবার নিজেই বলেছেন। দুজন ভালো বন্ধুও। পরশু ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের পর তাই ‘বন্ধু’ মরিনহোকে ফোন করে অনুপ্রাণিত করেছে ম্যারাডোনা। ইউনাইটেড কোচ নিজেই ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে পুরোনো একটি ছবি দিয়ে লিখেছেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স, কিন্তু এমন বাজে ফলের পর কিং ডিয়েগোর কাছ থেকে ফোন পেলাম। ধন্যবাদ বন্ধু! তুমি, আমার পরিবার, আমার খেলোয়াড়েরা ও ইউনাইটেডের দুর্দান্ত সমর্থকদের নিয়ে...আগামী সোমবারই আমি আবার প্রস্তুত হব।’
বৃহস্পতিবার ইউরোপা লিগে ফেইনুর্ডের সঙ্গে ম্যাচ। ম্যারাডোনা অনুপ্রাণিত মরিনহোকে ভয় পাওয়াই উচিত ডাচ দলটির। ডেইলি মেইল।