মরিনহোর আরেক মধুর সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলেটিকোর ফর্মটা টেনে নিয়ে এসেছেন চেলসিতে। পরশু গোল করার পর উচ্ছ্বসিত ডিয়েগো কস্তা l এএফপি
অ্যাটলেটিকোর ফর্মটা টেনে নিয়ে এসেছেন চেলসিতে। পরশু গোল করার পর উচ্ছ্বসিত ডিয়েগো কস্তা l এএফপি

থিবো কোর্তোয়া ও পিওতর চেক—চেলসির দুই গোলরক্ষক কোচ হোসে মরিনহোকে ফেলে দিয়েছে মধুর সমস্যায়। চেলসি কোচ মধুর সমস্যায় পড়েছেন স্ট্রাইকারদের নিয়েও। দলে যে এখন তিনজন স্ট্রাইকার।

ফার্নান্দো তোরেস আগে থেকেই আছেন। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ডিয়েগো কস্তাকে নিয়ে এসেছেন, ফিরিয়ে এনেছেন পুরোনো যোদ্ধা দিদিয়ের দ্রগবাকে। কাকে রেখে কাকে খেলাবেন, সিদ্ধান্ত নিতে গলদঘর্ম অবস্থা হোসে মরিনহোর। শুধু একাদশে নেওয়ার বিষয়ই তো নয়, একাদশে অনিয়মিত হয়ে পড়া খেলোয়াড়কে ধরে রাখার চ্যালেঞ্জও আছে।

লিগ শুরু হয়ে যাওয়ায় এরই মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে মরিনহোকে। তাতে চেকের মতো কপাল পুড়েছে তোরেসেরও। বার্নলির বিপক্ষে প্রথম ম্যাচের পর পরশু লিস্টারের সঙ্গে দ্বিতীয় ম্যাচেও চেলসির গোলপোস্ট সামলেছেন তরুণ কোর্তোয়া। অভিজ্ঞ চেক বসে ছিলেন বেঞ্চে। তোরেস নিজেকে আরও বেশি অভাগা ভাবতে পারেন। প্রথম ম্যাচে তবু বদলি তালিকায় ছিলেন, পরশু জায়গা হয়নি বেঞ্চেও।

তোরেস শিগগিরই একাদশে ফেরার সম্ভাবনায়ও জল ঢেলে দিয়েছেন মরিনহোর তরুণ তুর্কি ডিয়েগো কস্তা। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে অবিশ্বাস্য একটা মৌসুম কাটিয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার। সেই পারফরম্যান্স দেখেই ব্রাজিলিয়ান কস্তাকে স্পেন জাতীয় দলের অংশ করে নেন ভিসেন্তে দেল বক্স। শুধু তা-ই নয়, স্পেন কোচ কস্তাকে বিশ্বকাপে নিয়ে যান দলের এক নম্বর স্ট্রাইকার হিসেবে। কিন্তু জন্মভূমি ব্রাজিলে কস্তা ছিলেন ‘সুপার ফ্লপ’।

তা যা-ই হোক, মরিনহোর জহুরি চোখ ‘সোনা’ চিনতে ভুল করেনি। দলবদলে আরেক দেশে পাড়ি জমালেও কস্তা যেন অ্যাটলেটিকোর ফর্মটাই নিয়ে এসেছেন চেলসিতে। দুই ম্যাচেই মরিনহো এক নম্বর স্ট্রাইকার হিসেবে খেলান কস্তাকে। কস্তা কোচের আস্থার প্রতিদান দিয়েছেন দুই ম্যাচেই গোল করে। পরশু তাঁর আর এডেন হ্যাজার্ডের গোলে চেলসি হারিয়েছে লিস্টারকে (২-০)। গত মৌসুমে স্ট্রাইকারদের ব্যর্থতা ভুগিয়েছে চেলসিকে। এবার সেই আক্ষেপ ঘোচানোরই আভাস যেন দিলেন কস্তা। চেলসি সমর্থকেরা কাল স্টামফোর্ড ব্রিজে কস্তাকে জানিয়েছেন উষ্ণ অভ্যর্থনা। সঙ্গে তাঁর বদলি হিসেবে নামা দ্রগবাকেও।

এই কস্তাকে টপকে শুরুর একাদশে ফেরাটা তোরেসের জন্য কঠিনই হবে। এ অবস্থায় তোরেসকে চেলসি অন্য কোথাও ধারে খেলাতে পাঠাতে পারে বলেই গুঞ্জন। ২০১০ সালে চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খোঁজা তোরেসের নাকি এসি মিলানের সঙ্গে যোগাযোগও আছে! তবে মরিনহো বলছেন, তোরেসকে কোথাও পাঠানো হবে না। তোরেস ঠিকই আছেন তাঁর পরিকল্পনায়, ‘কখনো আমি বেঞ্চে দুই স্ট্রাইকার রাখতে পারি, কখনো একজন। তবে আমি স্কোয়াডে তিনজন স্ট্রাইকারই চাই। কখনো আমি দুই স্ট্রাইকার খেলাব এবং একজনকে বেঞ্চে রাখব। কখনো একজন নিষেধাজ্ঞায় থাকতে পারে, কখনো একজন পড়তে পারে চোটে।’ যোগ করেছেন, ‘তবে প্রথম পছন্দের স্ট্রাইকার হতে হলে তাকে এক নম্বর স্ট্রাইকারের চেয়ে বেশি গোল করতে হবে। সে তা করার সুযোগ পাবে। সে শিগগিরই খেলবে। সে খুবই পেশাদার।’ এএফপি।