মরিনহোর দিকে বিব ছুড়েছিলেন কস্তা
বেঞ্চে বসে থাকতে কারই বা ভালো লাগে। কিন্তু সে জন্য বেশি প্রতিক্রিয়া দেখাতে গেলে ফলটা ভালো না-ও হতে পারে। ডিয়েগো কস্তা সেই কাজটিই করেছেন। চেলসি স্ট্রাইকারের সময়টা একদমই ভালো যাচ্ছে না, এই মৌসুমে ১৭ ম্যাচ খেলে মাত্র ৪ গোল পেয়েছেন। পরশু তাই প্রথম একাদশে তাঁকে রাখেননি হোসে মরিনহো। ম্যাচের সময় তাই কস্তা নিজের জার্সির বাইরের অংশটা (বিব) খুলে ছুড়ে মারলেন। সেটি আবার গিয়ে পড়ল মরিনহোর সামনে!
চেলসিতে আসার পর থেকে কস্তা খেলার চেয়ে অন্য কারণেই বেশি শিরোনামে এসেছেন। প্রতিপক্ষ খেলোয়াড়কে উত্তেজিত করার দায়ে তুমুলভাবে নিন্দিতও হয়েছেন। আর ভান করে পড়ে গিয়ে পেনাল্টি আদায়ের অভিযোগ তো আছেই। মরিনহো সব সময় আগলে রেখেছেন এই ফরোয়ার্ডকে। কিন্তু দুধ না দিলে কেউ কি আর বেশি দিন গরুকে যত্ন করে খাওয়ায়? কস্তা
তাই প্রথম একাদশে উপেক্ষিত। কিন্তু এ রকম কাণ্ড করার পর মরিনহো কী শাস্তি দেবেন?
চেলসি কোচ স্বভাবসুলভ নাটুকে উত্তরই দিলেন, ‘সে যদি আমাকে আঘাত করার চেষ্টা করত, তাহলে নিশ্চয়ই বিব ছুড়ে মারত না। আর ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’ পরের বাক্যেই অবশ্য ইঙ্গিত মিলেছে, বেঞ্চটা এবার ভালোই গরম করতে হবে স্পেনের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকারকে, ‘আমার তো মনে হয় ও বরং সৌভাগ্যবানই, আরও আগে বেঞ্চে যেতে পারত। সবাইকেই তো সেখানে যেতে হয়েছে।’ ইএসপিএন।