মরিনহোর সঙ্গে হাত মেলাবেন না ওয়েঙ্গার!

‘অল লন্ডন ডার্বি’ উত্তেজনা ছড়িয়েছে ইতিমধ্যেই। খেলাটি আর্সেনাল-চেলসির মতো দুটি ক্লাবের মর্যাদার লড়াই হতে পারে, হতে পারে এটি দুই দলের খেলোয়াড়দের নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই। কিন্তু আর্সেনাল-চেলসি ম্যাচে সবকিছু ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে ডাগ আউটের লড়াইই। দুই দলের দুই কোচের যুযুজান মনোভাব মাঠের চেয়ে মাঠের বাইরেই যে এই দুই দলের খেলাকে বেশি আকর্ষণীয় করেছে।
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার আর চেলসি কোচ হোসে মরিনহোর ব্যক্তিত্বের সংঘাতই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। অতীতে এই দুই কোচের মধ্যে মাঠের খেলা চলার সময়ই বচসার নজির দেখা গেছে। দুজনের সম্পর্কের বরফটা যে এখনো গলেনি, সেটা মূর্ত হয়ে উঠেছে শনিবারের ম্যাচের আগেও।
ওয়েঙ্গার নাকি এখনো সিদ্ধান্ত নেননি, তিনি মরিনহোর সঙ্গে হাত মেলাবেন নাকি। মরিনহো খোঁটা দিচ্ছেন চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বাজে হার নিয়ে। সম্প্রতি ডায়নামো কিয়েভের মতো ক্লাবের কাছে আর্সেনালের হেরে যাওয়াটা যে চেলসি ম্যাচের আগে মরিনহোকে যথেষ্ট আনন্দ দিয়েছে, সেটা হাবে-ভাবে বুঝিয়েও দিয়েছেন তিনি। কিন্তু এবারের প্রিমিয়ার লিগে চেলসির বাজে অবস্থা দেখেও সেটা নিয়ে মন্তব্য না করে ওয়েঙ্গার মরিনহোর গাত্রদাহের কারণ হয়েছেন।
প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত চেলসির অবস্থান সপ্তদশ। ব্যাপারটা মেনে নিতে পারছেন না অনেক ফুটবলপ্রেমীই। চতুর্থ অবস্থানে থাকা আর্সেনালের কোচ কোথায় লন্ডন ডার্বির আগে এ নিয়ে মরিনহোকে দুকথা শোনাবেন তা নয়, উল্টো মন্তব্য করলেন, চেলসির অবস্থান কী, সেটা নাকি ওয়েঙ্গারকে খুব একটা ভাবায় না, ‘চেলসি কোথায় আছে কী করছে, এটা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমি ভাবছি আমার দল কী করছে, কতটুকু ভালো কিংবা খারাপ করছে। চেলসির ব্যাপারটা চেলসিকে ভাবতে দিন। ওদের অনেক বিশেষজ্ঞ আছে।’
গত ছয়টি প্রিমিয়ার লিগের ম্যাচে একবারও চেলসিকে হারাতে পারেনি আর্সেনাল। এই ব্যাপারটিই হয়তো আজ শক্তি জুগিয়ে যাচ্ছে মরিনহোকে। তবে তাঁর ভাবনাজুড়ে যে আজকের ম্যাচে জয় ছাড়া আর কিছুই নেই, সেটা সোজা-সাপটাই জানিয়ে দিয়েছেন তিনি, ‘আর্সেনালের বিপক্ষে আমি কোনো রেকর্ড ভাবছি না। আমার লক্ষ্য পূর্ণ তিন পয়েন্ট অর্জন করা, সেটা হলেই আমার হয়ে যায়।
দুই কোচের ব্যক্তিত্বের সংঘাত আরও একটি জায়গায় খুঁচিয়ে যাচ্ছে তাদের। সেটা হলো পিতওর চেক। দীর্ঘ দিন চেলসিকে খেলা এই গোলরক্ষক এই প্রথমবারের মতো মাঠে নামবেন তাঁর পুরোনো দলের হয়ে। এমন একটা ব্যাপারও চাপা পড়ে যাচ্ছে ওয়েঙ্গার-মরিনহোর এই ব্যক্তিত্বের লড়াইয়ের নিচে। মরিনহোকে চেক নিয়ে একটা প্রশ্নও করেছিলেন সাংবাদিকেরা। উত্তরে তিনি বলেছেন, ‘চেক এখন চেলসির কেউ নয়। সে এখন আর্সেনালের। ম্যাচের আগে অবশ্যই নয়, ম্যাচের পর সে যদি তাঁর পুরোনো ক্লাবের সতীর্থদের খোঁজখবর নেওয়ার জন্য সাজঘরে আসতে চায়, তাহলে সে আসতে পারে। ম্যাচের পর সাজঘরের দরজা খোলাই থাকবে, তবে ম্যাচের আগে নয়।’ সূত্র: দ্য মিরর।