
‘তুমি আর স্পেশাল নও!’
কথাটা নিশ্চিত হোসে মরিনহোর অহমে লেগেছিল। গত অক্টোবরে তাঁর সাবেক দল চেলসির মাঠে নতুন দল ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে গিয়েছিলেন পর্তুগিজ কোচ, ২০১৫ সালের ডিসেম্বরে লন্ডন ছাড়ার পর তাঁর প্রথম ‘প্রতিপক্ষ’ হয়ে চেলসির মাঠে যাওয়া। কিন্তু হারলেন বাজেভাবেই, ৪-০ গোলে! সেই ম্যাচে চেলসির সমর্থকেরাই তাঁকে নিয়ে গানটা বেঁধেছিলেন।
মরিনহো সেটির জবাব দেবেন না, তা হয়? দিলেন চেলসি-ইউনাইটেডের পরের দেখায়, মার্চে এফএ কাপের ম্যাচে। চেলসি সমর্থকদের দিকে তিনটা আঙুল দেখালেন। অর্থ, চেলসিকে তিনটি লিগ শিরোপা জিতিয়েছি, ভুলে গেছ নাকি! কিন্তু মাঠে জবাবটা দেওয়া হলো না সেবারও, ইউনাইটেড হারল ১-০ গোলে।
পরপর দুই ম্যাচে আন্তোনিও কন্তের কাছে কৌশলের চালে মার খাওয়া, তাঁর ‘স্পেশাল ওয়ান’ তকমা নিয়েই প্রশ্ন উঠে যাওয়া...মরিনহো সবকিছুর জবাব দিলেন কাল। ঘরের মাঠে দুর্দান্ত খেলে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে মরিনহোর ইউনাইটেড। পর্তুগিজ কোচও দেখিয়ে দিলেন, তিনি এখনো ‘স্পেশাল’ই। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ পর চেলসিকে হারাল ইউনাইটেড। এর আগে সর্বশেষ জয় ছিল ২০১২ সালের অক্টোবরে স্ট্যামফোর্ড ব্রিজে।
কাল ম্যাচে চেলসিকে নামতেই হয়েছে ভগ্নশক্তির রক্ষণ নিয়ে। গত মঙ্গলবার বিজ্ঞাপনের শুটিংয়ে বাস্কেটবল খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান নিয়মিত গোলকিপার থিবো কোর্তোয়া। আর ম্যাচের ঠিক আগে গা-গরমের সময় চোট পান লেফট ব্যাক মার্কোস আলোনসো। তার পুরো সুবিধা তুলে কাল মরিনহোকে হাসির উপলক্ষ এনে দিলেন কে? মার্কাস রাশফোর্ড ও অ্যান্ডার হেরেরা।
ক্লান্তির কারণে লিগে ১৭ গোল করা স্ট্রাইকার ইব্রাহিমোভিচকে কাল মূল একাদশে রাখেননি মরিনহো। তাঁর জায়গায় সুযোগ পেলেন রাশফোর্ড। কী দুর্দান্তভাবেই না সেটি কাজে লাগালেন ১৯ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার! মাঝমাঠ থেকে হেরেরার লম্বা পাস ধরে ম্যাচের সপ্তম মিনিটেই উচ্ছ্বাসে ভাসালেন ওল্ড ট্রাফোর্ডকে। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৯ মিনিটে স্কোরশিটে নাম লেখান হেরেরা নিজেই।
প্রায় নিশ্চিত হয়ে যাওয়া চেলসির শিরোপা-স্বপ্নে কি এই হারে ক্ষীণ হলেও একটু সংশয়ের ছায়া পড়ল? দুইয়ে থাকা টটেনহামের সঙ্গে চেলসির পয়েন্ট ব্যবধান এখন নেমে এসেছে ৪-এ। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট চেলসির, টটেনহামের ৭১ পয়েন্ট। আর জয়ের পর ইউনাইটেডের সেরা চারে থাকার আশা হলো উজ্জ্বল। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে রেড ডেভিলরা, চারে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ বেশি খেলে এগিয়ে ৪ পয়েন্টে। স্টার স্পোর্টস।