মরিনহো যেন দিশেহারা
‘হয় মরিনহোকে ছাঁটাই করো, না হলে আমি আমার কুকুরটাকে মেরে ফেলব!’
পরশু দাবিটা তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এক ভক্ত। তিন বছরের চুক্তিতে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। পেরিয়েছে মাত্র পাঁচ মাস, এরই মধ্যে পর্তুগিজ কোচকে ছাঁটাইয়ের দাবি! না হলে আবার বীভৎস এক কাণ্ড ঘটিয়ে ফেলার ভয়ও দেখাচ্ছেন ইউনাইটেড-ভক্ত!
তা নতুন কী ঘটল? ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে ফেনেরবাচের মাঠে মরিনহোর দল হেরেছে ২-১ গোলে। এই হারে গ্রুপে তিনে নেমে গেছে ইউনাইটেড।
মরিনহোর অবস্থা এখন সম্ভবত ‘কী করি আজ ভেবে না পাই!’ কিছুতেই যে কিছু হচ্ছে না। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে পয়েন্ট তালিকার আটে। দলের খেলায়ও ‘ইউনাইটেড’সুলভ রোমাঞ্চটা নেই। ফেনেরবাচের মাঠেও পরশু বড্ড বর্ণহীন দেখাল রেড ডেভিলদের! মরিনহোর চোখে সমস্যাটা ছিল তাঁর খেলোয়াড়দের মানসিকতায়, ‘ফেনেরবাচে অনেক আবেগ দিয়ে ম্যাচটা খেলেছে। জয়টা ওদের প্রাপ্যও। ওরা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো করে ম্যাচটা খেলেছে, আর আমরা খেলেছি একটা গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচের মতো করে। ম্যাচটা শুরুই করেছি ঘুমিয়ে।’
কথা সত্যি। ম্যাচের দুই মিনিটেই ফ্রি-কিক থেকে ইউনাইটেড বক্সে বল পেয়ে মুসা সো-র মাথার ওপর দিয়ে করা ভলিতে এগিয়ে যায় ফেনেরবাচে। এরপর ৫৯ মিনিটে ফ্রি-কিক থেকে ফেনেরবাচের দ্বিতীয় গোলটি করেন জার্মেইন লেন্স। গোল, পরাজয় ছাপিয়েও ম্যাচটা মরিনহোর কপালে আরও চিন্তার ভাঁজ বাড়াবে, প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় পল পগবা। অন্তত কয়েক ম্যাচে পাওয়া যাবে না ফ্রেঞ্চ মিডফিল্ডারকে।
এত খারাপের মধ্যে একটাই ইতিবাচক দিক—রুনির গোল। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান কমান ইউনাইটেডের মূল একাদশে অনিয়মিত হয়ে পড়া ইংলিশ স্ট্রাইকার। এই গোলে ইউরোপে সাবেক ইউনাইটেড স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়ের ৩৮ গোলের রেকর্ড ছুঁয়েছেন রুনি। এএফপি, গোল।
তবে রেকর্ড কি আর হারের সান্ত্বনা হয়!