মরিনহো হতাশ, ফন গাল নন...
আরেকটু হলেই ‘গুরুমারা বিদ্যা’র সফল প্রয়োগ হয়ে যাচ্ছিল। লুই ফন গালের কাছ থেকে তো আর কম শেখেননি। পরশু পুরোনো শিক্ষকের হাসিটা ম্লান করে দিয়েছিলেন প্রায় হোসে মরিনহো। শেষ মুহূর্তে রবিন ফন পার্সির গোলেই গুরুর মুখরক্ষা হয়েছে, চেলসির সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নিশ্চিত জয়টা হাতছাড়া হয়ে গেছে অন্তিম সময়ে। জয়টা পেলে চেলসি প্রিমিয়ার লিগের শীর্ষে ভালোভাবেই জাঁকিয়ে বসতে পারত। মরিনহো অবশ্য অসন্তুষ্ট অন্য কারণে। ম্যাচের শেষ দিকে নিজেদের সীমানায় অ্যাঙ্গেল ডি মারিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখেছেন চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচ। ওই ফ্রি-কিক থেকেই সমতাসূচক গোল পেয়েছে ইউনাইটেড। এটি নিয়ে স্বভাবসুলভ খোঁচাও মেরেছেন মরিনহো, ‘লাল কার্ডটা হবে জানতাম। দ্বিতীয় হলুদ কার্ডটা (ইভানোভিচের) নিয়ে কথা বলতে গেলে তো আরও অনেক কিছু নিয়েই বলতে হয়। ইভানোভিচ নিজেই একটা পেনাল্টি পেতে পারত। আমি যা বলি, মন থেকেই বলি, আর সে জন্যই বিপদে পড়ে যাই।’
মরিনহোর বক্তব্যেই স্পষ্ট, জয় না পেয়ে হতাশ তিনি। তবে ফন গাল কিন্তু মনে করেন, ড্র-ই এ ম্যাচের ন্যায্য ফল, ‘গোলটা আমাদের প্রাপ্য ছিল। আমার মনে হয় মরিনহোও এটা স্বীকার করবে। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। চেলসি প্রথম গোলটা করার পর আমাদের কাজটা অনেক কঠিন হয়ে গিয়েছিল।’ শেষ মুহূর্তে ১ পয়েন্ট পাওয়া ফন গালকে খানিকটা স্বস্তি দিতে পারে। কিন্তু ড্রতে কি আসলে সন্তুষ্ট হতে পারছেন না ইউনাইটেড কোচ, ‘আমি সন্তুষ্ট নই, কারণ আমার এখনো মনে হচ্ছে আমরা জিততে পারতাম।’
৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চেলসি সবার ওপরে। ১৯ পয়েন্ট নিয়ে এই মৌসুমের চমক সাউদাম্পটন আছে দুইয়ে। ১৩ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান আটে। এএফপি।