মরিনহোকে ঈর্ষা করতেন বেনিতেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড, স্পেন, জার্মানি—ইউরোপের শীর্ষ তিন লিগের ডাগ-আউটে অস্থিরতাটা যেন সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই শুরু হয়েছে কোচদের পালাবদলের হাওয়া। ইংল্যান্ডে এর মধ্যেই হোসে মরিনহো বিদায় নিয়েছেন। বায়ার্নেও পেপ গার্দিওলার বিদায়টা এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজ কি ঈশান কোণে মেঘ দেখতে পাচ্ছেন? এর মধ্যে ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় মার্কো মাতেরাজ্জি দাবি করছেন, বেনিতেজ নাকি মরিনহোকে ঈর্ষা করতেন!
বেনিতেজ-মরিনহোর মধ্যে সম্ভবত কাকতালীয় একটা যোগ আছে। মরিনহো যখন শিরোপাত্রয়ী জিতে পাঁচ বছর আগে ইন্টার ছাড়লেন, বেনিতেজ তাঁর জায়গা নিলেন। আবার দুই মৌসুম আগে চেলসিতে বেনিতেজের উত্তরসূরি হলেন মরিনহো। ইন্টারে দুজনকেই কাছ থেকে দেখেছেন মাতেরাজ্জি। মরিনহোর প্রশংসায় যতটা পঞ্চমুখ, বেনিতেজের নিন্দায় ততটাই মুখর ইতালির সাবেক ডিফেন্ডার, ‘বেনিতেজ নিজের ছায়াকেও ভয় পেতেন। মরিনহোকে তিনি ঈর্ষা করতেন। আমার সাফল্যের সব ছবি ক্লাবের একটা জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম। বেনিতেজ সেগুলো সরিয়ে ফেলতে বাধ্য করেন।’ মাতেরাজ্জি এরপর যা বলেছেন, সেটা বেনিতেজের জন্য আরও অপমানকর, ‘২০১০ সালে বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ জেতার পরেই আমি মরিনহোকে বলেছিলাম, আপনি লোকটা খুব খারাপ। বেনিতেজের অধীনে আমাদের রেখে যাচ্ছেন। সেটার জন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করব না।’
এ মুহূর্তে মরিনহো সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়টাই কাটাচ্ছেন। তবে মাতেরাজ্জির স্থির বিশ্বাস, চেলসির মাত্রই সাবেক হয়ে যাওয়া কোচ নিজেকে শিগগিরই ফিরে পাবেন, ‘মৌ (মরিনহো) এখনো বিশ্বের সেরা কোচ। তৃতীয় মৌসুমের অভিশাপ ফালতু কথা। পোর্তোতে তৃতীয় মৌসুমে তিনি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন।’ মার্কা, গোলডটকম।