মরিনহোকে এত দিন পর ভালদানো
সম্পর্কটা মোটেও ভালো নয় দুজনের মধ্যে। সেই শীতল সম্পর্কের ধারাবাহিকতায় ২০১১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালকের পদ হারিয়েছিলেন হোর্হে ভালদানো। আর ভালদানো চলে যাওয়ায় ক্লাবে অবস্থানটা আরও শক্ত হয় তখনকার রিয়াল কোচ হোসে মরিনহোর। এত দিন পর এসে কি সেই ঘটনারই শোধ নিলেন রিয়ালের সাবেক আর্জেন্টাইন কোচ? বই লিখেছেন তিনি এবং সে বইতে খোঁচা মেরেছেন মরিনহোকে। দি ইলেভেন পাওয়ারস অব আ লিডার নামের সেই বইয়ে মরিনহোকে তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী ও বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে তুলনা করে ভালদানো লিখেছেন, ‘গার্দিওলা যদি মোজার্ট হন, মরিনহো হচ্ছেন আন্তোনিও সালিয়েরি (ইতালিয়ান সংগীতজ্ঞ)। সালিয়েরি অসাধারণ সুরকার হতো যদি মোজার্টের জন্ম না হতো।’ মরিনহোকে কখনো ফুটবল বিষয়ে মনে রাখার মতো কিছু বলতে শোনেনি বলেও খোঁচা মেরেছেন ভালদানো! মেট্রো ইউকে।