মরিনহোকে ক্রুইফের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো মানেই যেন নতুন ঘটনা, নতুন কোনো বিতর্ক। কখনো নিজেই নিজেকে বলছেন ‘স্পেশাল ওয়ান’, কখনো রেফারির সমালোচনা করে শাস্তি পাচ্ছেন, কখনো দলের চিকিৎসকের সঙ্গে ঝামেলা বাধিয়ে সমালোচিত হচ্ছেন। প্রসঙ্গটা এবারও মরিনহোকে নিয়ে, আর বক্তা ইয়োহান ক্রুইফ। চেলসি কোচের সমালোচনা করে তাঁকে আরও সংযত আচরণের পরামর্শ দিয়েছেন ডাচ কিংবদন্তি।
ব্রিটিশ টেলিভিশন স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহোর ব্যাপারে নিজের মতটা জানাতে গিয়ে ক্রুইফ বলেছেন, ‘ওর যে দিকটা আমি পছন্দ করি সেটি হচ্ছে, সে খেলোয়াড়দের মধ্যে একটা ভালো আবহ তৈরি করে। আর যা অপছন্দ করি তা হচ্ছে, সে নিজেই সব সময় সামনে থাকতে পছন্দ করে। কিন্তু তার থাকা উচিত পেছনে।’
এই ‘সামনে থাকার’ ইচ্ছেটা কী কারণে সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্রুইফ, ‘এটা সে খেলোয়াড় ছিল না বলে হতে পারে। এক লাখ মানুষ তার নাম ধরে চিৎকার করছে বা শিস দিচ্ছে, এই অভিজ্ঞতা তো আর তার হয়নি। এই কারণে হতে পারে, আবার এমনও হতে পারে যে তাকে ঘিরে সংবাদমাধ্যমের আগ্রহ বেশি।’
কারণ যেটাই হোক মরিনহোর এই অভ্যাসটা পছন্দ নয় ক্রুইফের, ‘আমার মনে হয় না সে বাচ্চাদের ফুটবল খেলোয়াড় হওয়ার শিক্ষা বা ভালো জীবন গড়ে তোলার শিক্ষা দিচ্ছে। ওর আরও সংযত হওয়া উচিত, কারণ সারা বিশ্বের সংবাদমাধ্যমে তার কথা যায়।’
শুধু মরিনহোই নন, ক্রুইফের সমালোচনার তির থেকে রেহাই পাননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গালও। ফন গালের কোচিংয়ের ধরনের সমালোচনা করে আয়াক্স ও বার্সেলোনার সাবেক এই কোচ বলেছেন, ‘ওর দল আধিপত্য দেখাতে পারছে না। আমি চাই আক্রমণাত্মক ফুটবল দেখতে, কিন্তু ইউনাইটেড সেটা খেলতে পারছে না।’
দুই কোচকে নিয়ে বলতে গিয়ে নিজের ফুটবল-দর্শনটাও তুলে ধরেছেন সত্তরের দশকের এই ডাচ কিংবদন্তি, ‘ফলটা তো পরে ব্যাপার, আগে হচ্ছে খেলা। ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর দর্শক-সমর্থকেরা যেন খুশি মনে বাড়ি ফিরতে পারে। এটা ওদের অবসর বিনোদন, সুতরাং আপনার উচিত সেটা তাদের দেওয়া।’ এএফপি।