মরিনহোকে টটেনহামের 'উপহার'

কখনো কি ভেবেছিলেন বার্সেলোনার কাছে পাঁচ গোল খাওয়ার সেই দুঃস্বপ্ন ফিরে আসবে? রবার্ট লেভানডফস্কির ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হারার সেই দুঃসহ স্মৃতিই বা ভোলেন কীভাবে? এসবই রিয়াল মাদ্রিদের হয়ে, চেলসি-অধ্যায়ে এমন ‘নিপীড়নের’ মধ্য দিয়ে যেতে হয়নি হোসে মরিনহোকে। পরশু টটেনহাম তেমনই আরেকটি দুঃস্বপ্ন উপহার দিল চেলসি কোচকে। নতুন বছরের প্রথম দিনেই ৫-৩ গোলে হার, ২০১৫ সালে মরিনহোর জন্য কী অপেক্ষা করছে কে জানে!
আগের ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ড্র করার পর মরিনহো রীতিমতো ধুয়ে দিয়েছিলেন রেফারিকে। পরশু অতটা ক্ষোভ ঝাড়েননি, তবে কথায় স্বভাবসুলভ খোঁচার বিষটা ঠিকই মিশিয়ে দিয়েছেন, ‘প্রথমেই বলে দিচ্ছি, আমি শাস্তিটাস্তি পেতে চাই না। পরের ম্যাচটা ডাগআউটের বাইরে থেকে দেখার কোনো ইচ্ছা নেই আমার। আমরা শুধু হেরেছি, ব্যস।’
বলব না, বলব না করেও শেষ পর্যন্ত ঠিকই বললেন, ‘নিউক্যাসলের সঙ্গে আমরা দুর্ভাগ্যের জন্য হেরেছি। রেফারি কোনো ভুল করেননি। কিন্তু টটেনহাম ও সাউদাম্পটনের সঙ্গে ব্যাপারটা তেমন ছিল না। আমাদের অবশ্য কিছু করার নেই। আমরা শুধু ভালো খেলার চেষ্টা করতে পারি।’
মরিনহোর অভিযোগ, চেলসি উইঙ্গার এডেন হ্যাজার্ডকে বারবার ফাউল করা হচ্ছিল। কিন্তু রেফারি কিছুই করেননি। প্রথমার্ধে একটা ন্যায্য পেনাল্টি থেকেও চেলসিকে বঞ্চিত করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। এমনও দাবি করেছেন, হ্যাজার্ডকে এভাবে ফাউল করা হলে ইংল্যান্ড ছাড়তে বাধ্য হবেন এই উইঙ্গার।
মরিনহো যা-ই বলুন, পরশু টটেনহামের আক্রমণের কাছে টেরি-কাহিলরা কাহিলই হয়ে পড়েছিলেন। অথচ ডিয়েগো কস্তার ১৮ মিনিটের গোলে চেলসিই এগিয়ে গিয়েছিল প্রথম। এর পরেই দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল স্পাররা। হ্যারি কেন, ড্যানি রোজ ও অ্যান্ড্রোস টাউনসেন্ডের গোলে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় টটেনহাম। ৫২ মিনিটে ম্যাচে দুর্দান্ত খেলা ২১ বছর বয়সী কেনের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা (৪-১)। বিরতির পর হ্যাজার্ড ব্যবধান কমিয়ে একটু আশা দেখিয়েছিলেন (৪-২)। কিন্তু ৭৮ মিনিটে নাসের শাদলির গোলে (৫-২) সেই আশাটাও ভেস্তে যায় চেলসির। শেষ দিকে জন টেরি গোল করলেও সেটা ছিল সান্ত্বনার।
প্রিমিয়ার লিগে পরশু দিনটাই ছিল গোলপ্রসবা, এক দিনেই হয়েছে ৩৩ গোল। নতুন বছরের প্রথম দিন এর আগে এত গোল কখনো দেখেনি। পয়েন্ট তালিকাটাও মজার একটা চেহারা পেয়েছে। সবার ওপরের দুই দল চেলসি ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট একই। এমনকি গোল দেওয়া ও খাওয়াতেও কোনো ব্যবধান নেই। শুধু বর্ণক্রম অনুসারেই ওপরে আছে চেলসি! এএফপি, ইএসপিএন।
প্রিমিয়ার লিগের সেরা পাঁচ
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
চেলসি ২০ ১৪ ৪ ২ ৪৪/১৯ ৪৬
ম্যান সিটি ২০ ১৪ ৪ ২ ৪৪/১৯ ৪৬
ম্যান ইউনাইটেড ২০ ১০ ৭ ৩ ৩৪/২০ ৩৭
সাউদাম্পটন ২০ ১১ ৩ ৬ ৩৪/১৫ ৩৬
টটেনহাম ২০ ১০ ৪ ৬ ২৯/২৭ ৩৪