মরিনহোকে ফোন করবেন না কন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্তের কানে কানে কথা বলছেন মরিনহো। ছবি- ডেইলি স্টার ইউকে।
কন্তের কানে কানে কথা বলছেন মরিনহো। ছবি- ডেইলি স্টার ইউকে।

হোসে মরিনহো নাকি ভীষণ খেপে আছেন আন্তোনিও কন্তের ওপর। সঙ্গে কিছুটা অভিমানও। কিন্তু তাঁর এই রাগ-অভিমানে কিছুই যায়-আসে না কন্তের। ফোন করে মরিনহোর রাগ ভাঙাতেও তাই রাজি নন কন্তে।

ঘটনাটা গত রোববারের। প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় গলা ফাটিয়ে উল্লাস করছিলেন চেলসি সমর্থকেরা। এমনকি চেলসি কোচ কন্তেও হাত উঁচিয়ে দর্শকদের গলা আরও চড়া করতে বলছিলেন। শেষ পর্যন্ত ম্যাচটা চেলসি জিতেছে ৪-০ গোলে। কিন্তু কোচ হয়েও কন্তের সমর্থকদের ‘উসকানি’ দেওয়ার ব্যাপারটা পছন্দ হয়নি মরিনহোর। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, মরিনহো এতে অপমানবোধ করেছেন। কাজটা করা যে কন্তের ঠিক হয়নি, সেটা নাকি ম্যাচ শেষে হাত মেলানোর সময় কন্তের কানে কানে বলেছেনও।

তো মরিনহোর এই রাগ ভাঙাতে কি কোনো উদ্যোগ নিয়েছেন কন্তে? চেলসি কোচের কাছে কাল এটা জানতে চেয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। কন্তে উত্তর দিয়েছেন, ‘না, আমি তাকে ফোন করিনি। আমার মনে হয় না এটার কোনো দরকার আছে।’

বোঝাই যাচ্ছে মরিনহোর রাগে কিছুই যায় আসে না চেলসি কোচের। অবশ্য মাঠে আবেগ প্রকাশের বেলায় এরপর থেকে নিজেকে আরেকটু নিয়ন্ত্রণ করবেন—এই কথাও বলে রাখলেন কন্তে, ‘এটা নিয়ে আমি একটু উদ্বিগ্ন। এখন আমার বয়স হয়ে গেছে। এসব উত্তেজনা আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে যায়।’ এএফপি।