মরিনহোকে মাতার 'বিলাসী জবাব'
হোসে মরিনহোর সঙ্গে কথার লড়াইয়ে নামার চেয়ে পানিতে নেমে কুমিরকে যুদ্ধে আহ্বান করাই ভালো। চেলসি কোচকে তাই কেউই ঘাঁটাতে চান না। কিন্তু বিপজ্জনক কাজটি করে বসলেন হুয়ান মাতা। এখনকার গুরু লুই ফন গালের প্রশংসা করতে গিয়ে স্প্যানিশ মিডফিল্ডার খোঁচা দিলেন মরিনহোকে!
চেলসিতে মরিনহো যেন ছিলেন মাতার ‘বিমাতা’! সৎমায়ের অনাদরই জুটেছে কপালে। মাতার মতো খেলোয়াড়কে দলে রাখা নাকি ‘বিলাসিতা’। এমন মন্তব্যই করেছিলেন মরিনহো। বাক্স-পেটরা গুটিয়ে মাতা চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। মরিনহোর চোখে অচল পয়সাটাই এখন যেন কোহিনূর। এই মৌসুমে ইউনাইটেডের ২৫টি গোলের প্রায় অর্ধেকেই কোনো না কোনোভাবে অবদান আছে মাতার।
দুঃসময় পেছনে ফেলে আসার কৃতিত্ব মাতা পুরোটাই দিলেন ফন গালকে। বললেন, ‘তিনি পরিশ্রমের মর্যাদা দিতে জানেন।’ এর পরই মরিনহোকে দিয়ে দিলেন তাঁকে ‘বিলাসী’ খেলোয়াড় বলার পাল্টা জবাব, ‘চেলসির হয়ে যতগুলো গোল করেছিলাম, ইউনাইটেডের হয়ে এরই মধ্যে সেটি করে ফেলেছি। সেটিও ৩০টির মতো ম্যাচ কম খেলে। পরিসংখ্যান ভুল বলে না। “একজন বিলাসী ফুটবলার” বলতে যদি আপনি এমন কাউকে বোঝান, যে গোল করে এবং করাতে পারে, তাহলে সেটি হতে পেরেই আমি খুশি।’ টেলিগ্রাফ।