মরিনহোর অভিযোগ, কন্তের জবাব
ম্যাচ তখন শেষ। অলিখিত রীতি মেনে হাত মেলাতে এলেন দুই দলের কোচ। তখনই টিভি ক্যামেরায় ধরা পড়ল, আন্তোনিও কন্তের কানে ফিসফিস করে কী যেন বলছেন হোসে মরিনহো। বোঝাই যাচ্ছিল, আর যা-ই হোক, বড় জয়ের জন্য প্রতিপক্ষ কোচকে অভিনন্দন জানাচ্ছেন না। আসলে কী বলছিলেন মরিনহো?
একসময়ের হাতের তালুর মতো চেনা স্টামফোর্ড ব্রিজ থেকে পরশু লজ্জা নিয়েই ফিরতে হয়েছে মরিনহোকে। দুই দফায় চেলসির কোচ ছিলেন, কিন্তু ৪-০ গোলে হারতে হয়নি কখনো। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে অন্তহীন চাপটা এতে আরেকটু বাড়বে। তবে মরিনহো কন্তেকে কী বলেছিলেন, সেটা নিয়েই পরে তুমুল জল্পনা-কল্পনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও মরিনহোকে সেটি মনে করিয়ে দেওয়া হলো। ইউনাইটেড কোচ উত্তরটা তাঁর মতো করেই ঘুরিয়ে-পেঁচিয়ে দিলেন, ‘আমি তো আপনাদের সঙ্গে কথা বলিনি। কন্তের সঙ্গে বলেছি। আর যেটা আমি বলতে চাই না, সেটা আপনাদের আমি বলব কেন? আন্তোনিও আর আমার মধ্যে যা হয়েছে সেটা আমাদের মধ্যে থাকুক। আর সমস্যাটা ওর, আমার নয়।’
শেষের কথাতেই ইঙ্গিত পাওয়া গেল, কন্তেকে খুব ভালো কিছু বলেননি মরিনহো। চেলসি কোচ কন্তেকে চেপে ধরা হলে শুরুতে চেলসির ইতালিয়ান কোচ কিছু বলতে চাননি। শেষ পর্যন্ত যা বললেন তাতেই ঘটনাটা বোঝা গেল, ‘আমার তো মনে হয় সমর্থকেরা যা করেছে সেটা ঠিকই আছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরা ৪-০ গোলে হারিয়েছি, আমিই বলেছিলাম সমর্থকদের বড় একটা তালি দিতে। এমন একটা জয়ের পর দলের তো এটা প্রাপ্য। আবেগ তো থাকতেই হবে। আর সেটা যদি ঝেড়ে ফেলতে চান, তাহলে আমাকে বাসায় বসে অন্য চাকরি খুঁজতে হবে।’
তখনই বোঝা গেল, ম্যাচ শেষে চেলসির সমর্থকদের গগনবিদারী কোরাসটা মরিনহোর কানে ঠিক মধুবর্ষণ করেনি। ২০১০ সালের পর এত বড় পরাজয়ই আর সইতে হয়নি, সেটি বোধ হয় আরও বেশি বিরক্তির কারণ হয়েছে। ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার সাতে। তবে মরিনহো দাবি করলেন, এখনো ইউনাইটেড ভালোমতোই শিরোপাদৌড়ে আছে, ‘আমরা শীর্ষ থেকে ৬ পয়েন্ট পেছনে, ১৬ পয়েন্ট নয়। কঠিন একটা সূচিও আমাদের পার করে আসতে হয়েছে।’
মরিনহোর কথায় ইউনাইটেডের কর্তাব্যক্তিরা কি সন্তুষ্ট হয়েছেন? এএফপি।