মরিনহোর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

হোসে মরিনহোর অগুনতি ভক্ত। কিন্তু এমন ভক্তের দেখা আগে পেয়েছেন চেলসি কোচ? উত্তরটা সম্ভবত ‘না’বোধকই। তিন দিন আগে লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে রজার ফেদেরার-অ্যান্ডি মারের ম্যাচ দেখতে গিয়েছিলেন মরিনহো। দর্শকসারিতে তাঁর ঠিক পেছনে বসেছিলেন মাঝবয়সী এক ভক্ত। হাতে একটা ব্যানার, ‘স্পেশাল ওয়ানের পেছনে বসার জন্য আমি নিজের গাড়িটা বিক্রি করে দিয়েছি।’ আলোকচিত্রীর ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল ওই ব্যানার। কিন্তু টিকিটের কি এতই দাম যে গাড়িটাই বিক্রি করে দিতে হলো? এমনিতে অন্য অনেক খেলার চেয়ে টেনিসে টিকিটের দাম একটু বেশিই, তার ওপর মরিনহোর পেছনের আসনের দাম চড়াই হওয়ার কথা। তাই বলে গাড়ি বিক্রি! ব্যাপারটা একটু অবাক করার মতোই। ফক্সস্পোর্টস।