মরিনহোর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি মুখ খুললেই নাকি বিতর্ক হয়। আর সেই বিতর্ক তাঁকে সমস্যায় ফেলে। এই ভয়ে পরশু লিগ কাপে লিভারপুলের বিপক্ষে ১–০ গোলে জয়ের পর বেশি কথা বলতে রাজি হননি চেলসি কোচ হোসে মরিনহো। কিন্তু তাঁর সেই ভয়টাই যে সত্যি হলো! ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এফএ ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে চেলসি কোচকে।
এই জরিমানা অবশ্য পরশুর ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট নয়। গত ডিসেম্বরে প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের সঙ্গে ম্যাচের পর তাঁর আপত্তিকর মন্তব্যের কারণে। ১-১ গোলে ড্র ওই ম্যাচে চেলসি মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাস ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখার পর মরিনহো বলেছিলেন, ইংল্যান্ডে নাকি তাঁর দলের বিরুদ্ধে প্রচারণা চলছে। সবাই নাকি প্রমাণ করতে চাইছে, তাঁর দলের খেলোয়াড়েরা মেরে খেলে এবং ডাইভ দেয়! এমন মন্তব্যের কারণে জরিমানার পাশাপাশি চেলসি কোচকে সতর্কও করে দিয়েছে এফএ।
তবে পরশুর ম্যাচেও চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা নাকি প্রতিপক্ষ খেলোয়াড়দের ‘মেরেছেন’। তবে ওটা মরিনহোর চোখে নিছক দুর্ঘটনা, ‘কস্তা তখন বলের পেছনে ছুটছিল। কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় দুজন ওর পায়ের কাছে চলে আসে৷ ওদের গায়ে পা লাগলেও বলের দিকেই নজর ছিল কস্তার। ধারাভাষ্যকারেরা কেন ওটাকে অপরাধ বলছে, তা আমার জানা নেই।’ আবারও বিতর্কিত হতে পারেন এ জন্য এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি মরিনহো, ‘আমি আর এ নিয়ে কথা বলব না। কারণ কিছু বললে আমাকেই সমস্যায় পড়তে হবে।’ গোলডটকম।