মরিনহোর ঠিকানা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চেলসির ডাগ-আউটে কে আসছেন, সেটা নিয়েই এখন তুমুল জল্পনা-কল্পনা। হোসে মরিনহোর নতুন ঠিকানা কোথায়—সেই প্রশ্নটাও চলে আসছে প্রাসঙ্গিকভাবেই। পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি, স্পেনের পর মরিনহোর নতুন অভিযান কোথায় হবে? নাকি পুরোনো কোনো ঠিকানাতেই ফিরে যাবেন?
ইউরোপের শীর্ষ লিগের মধ্যে বাকি আছে শুধু জার্মানি ও ফ্রান্স। আরও নির্দিষ্ট করে বললে দুটি ক্লাব—বায়ার্ন মিউনিখ ও পিএসজি। কিন্তু দুই ক্লাবের দরজাই যে মরিনহোর জন্য আপাতত বন্ধ বলেই মনে হচ্ছে! গুঞ্জন রটেছে, এই মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন বায়ার্ন কোচ। কিন্তু জার্মান চ্যাম্পিয়নরা কার্লো আনচেলত্তিকে নেওয়ার ব্যাপারেই বেশি উৎসাহী।
সে ক্ষেত্রে বাকি থাকে পিএসজি। টাকার ঝনঝনানি, বড় তারকা সবকিছু মিলে মরিনহোর আদর্শ তীর্থক্ষেত্র হতে পারত প্যারিস। কিন্তু সে আশায়ও গুঁড়ে বালি। কালই ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা এখনকার কোচ লরা ব্লাঁর সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে। বোঝাই যাচ্ছে, ব্লাঁ আপাতত থাকছেন। সাবেক ফ্রেঞ্চ মিডফিল্ডার অলিভার দাকুর সোজাসাপটাই বলে দিয়েছেন, ‘পিএসজির একজন সমর্থক হিসেবে তাঁকে আমি দেখতে চাই না। আমার মনে হয়, তিনি আসলে খেলোয়াড়দের কেউ কেউ চলে যেতে পারে।’
আরেকটি সম্ভাব্য গন্তব্য হতে পারত সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। রাফায়েল বেনিতেজের অবস্থাও যে সেখানে টলোমলো। কিন্তু সেখানেও মরিনহোর জন্য হতাশার বাণী। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কাল জানিয়ে দিয়েছেন, ‘ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারছে না, তবে এ মুহূর্তে মরিনহো মাদ্রিদে আসছে না। আমাদের যেসব সমস্যা আছে, সেগুলো বেনিতেজই ঠিক করতে পারবে।’ এএফপি।