মরিনহোর দাবি, ফলটা অবাস্তব

৩-০ গোলে হেরে যাওয়ার পর একজন কোচ কী অজুহাত দিতে পারেন? কল্পনাকে খুশিমতো বাড়িয়ে নিতে পারেন, তারপরও হোসে মরিনহোর ভাবনাটা অনুমান করা খুব কঠিনই হওয়ার কথা। ম্যানচেস্টার সিটির সঙ্গে পরশু তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি চেলসি। তবে মরিনহো বলছেন, ‘ফলটা একেবারেই অবাস্তব!’ তাঁর কথা, সিটির ফার্নান্দিনহো ও ইয়াইয়া তোরের লাল কার্ড দেখাও উচিত ছিল। তবে মরিনহোর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, ‘সিটি চেলসির সঙ্গে সব সময়েই দাপটের সঙ্গে খেলে।’ পেলেগ্রিনির এই কথা কি মরিনহো এত সহজেই হজম করতে চাইবেন?
মরিনহোর জন্য সপ্তাহটা দুঃস্বপ্নের মতোই গেল। সোয়ানসির সঙ্গে ড্র দিয়ে মৌসুম শুরু। এরপর দলের চিকিৎসক ইভা কারনেইরোকে নিয়ে এক সপ্তাহ ব্রিটিশ প্রচারমাধ্যমে তুমুল শোরগোল। কারনেইরোর প্রকাশ্য সমালোচনা, পরে মাঠের দায়িত্ব থেকে অব্যাহতি—মরিনহো খেলার চেয়ে খেলার বাইরের ব্যাপার নিয়েই মাথা ঘামিয়েছেন বেশি। পরশু আবার খেলা নিয়েই কথা বলতে হলো। তবে সেটা বোধ হয় না বলতে পারলেই খুশি হতেন পর্তুগিজ কোচ!
আগুয়েরোর গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল সিটি। দ্বিতীয়ার্ধের ৭৯ ও ৮৫ মিনিটে কোম্পানি ও ফার্নান্দিনহোর গোলে জয় নিশ্চিত হয় সিটির। মরিনহোর দাবি, ফলটা ম্যাচের চিত্র তুলে ধরছে না, ‘প্রথমার্ধে ওরা ভালো খেলেছে। তবে দ্বিতীয়ার্ধের সেরা দল ছিল চেলসিই। ৭০ মিনিট পর্যন্ত ১-০ ফলটাকে অন্যায্য যদি বলতেই হয়, তাহলে ৩-০ একেবারেই ভুয়া। ১-০-তে পিছিয়ে থাকার পর চেলসিই অনেক ভালো খেলেছে। দুই ও তিন নম্বর গোলটা আমরা ভুলের জন্যই খেয়েছি।’ মরিনহোর দাবি, ডিয়েগো কস্তাকে কনুই মারার জন্য ফার্নান্দিনহোর লাল কার্ড প্রাপ্য ছিল। তোরেও দুবার হলুদ কার্ড দেখতে পারতেন বলে মনে করছেন চেলসি কোচ।
সাধারণত প্রতিপক্ষ কোচদের সুযোগ পেলেই খোঁচা দেন মরিনহো। আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে তো একরকম অলিখিত ‘যুদ্ধই’ ঘোষণা হয়ে গেছে। পেলেগ্রিনি অবশ্য এসবে খুব একটা জড়ান না। তবে পরশু মরিনহোকে পালটা খোঁচা দেওয়ার সুযোগটা সামলাতে পারেননি সিটির কোচও, ‘প্রথমার্ধে আমাদের অন্তত তিনটি গোল প্রাপ্য ছিল। দ্বিতীয়ার্ধেও কমবেশি তাই। তিনটি গোল আমাদের প্রাপ্যই ছিল।’
এটুকু হলেও সমস্যা ছিল না, এরপর পেলেগ্রিনি যেটা বলেছেন মরিনহো নিশ্চিত সেটার পাল্টা জবাব দেওয়ার সুযোগ খুঁজবেন, ‘আমরা সব সময়ই চেলসির ওপর চড়াও হই। গত বছর হয়তো ওদের সঙ্গে ড্র করেছি। কিন্তু ওদের সঙ্গে খেলায় আমাদেরই প্রাধান্য থাকে। আজ আমরা সেটাই করে দেখিয়েছি।’
মরিনহোর ‘শত্রুর’ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে! এএফপি, গার্ডিয়ান।
গত পাঁচ মৌসুমে সিটি-চেলসি প্রথম ম্যাচ
সিটি ৩-০ চেলসি, ২০১৫-১৬
সিটি ১-১ চেলসি, ২০১৪-১৫
চেলসি ২-১ সিটি, ২০১৩-১৪
চেলসি ০-০ সিটি, ২০১২-১৩
চেলসি ২-১ সিটি, ২০১১-১২
* আগে স্বাগতিক দল