মরিনহোর দুইয়ে দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই ম্যাচে দুবার অসদাচরণের অভিযোগ এল হোসে মরিনহোর বিরুদ্ধে। আগের সপ্তাহে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে রেফারি অ্যান্থনি টেলরকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় ম্যানচেস্টার ইউনাইটেড কোচের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এবার এল শনিবার বার্নলি ম্যাচে রেফারিকে আক্রমণ করায়ও। সেদিন গোলশূন্য ড্র ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি না দেওয়ায় বিরতিতে রেফারিকে কিছু একটা বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। সেটির শাস্তি হিসেবে সেদিন দ্বিতীয়ার্ধটা তাঁকে দেখতে হয় স্ট্যান্ডে বসে। এবার ইউনাইটেড কোচের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ)। বিবৃতিতে এফএ লিখেছে, বিরতির সময় টানেলে কোনো একজন ম্যাচ কর্মকর্তার উদ্দেশে আক্রমণাত্মক ভাষায় কথা বলেছিলেন মরিনহো। অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞাও পেতে পারেন ইউনাইটেড কোচ। রয়টার্স।