মরিনহোর দুর্বিষহ জীবন
একে তো মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স খুব ভালো যাচ্ছে না। এ নিয়ে হোসে মরিনহোকে অনেক বাঁকা কথাও শুনতে হচ্ছে। এখন শোনা যাচ্ছে, মাঠের বাইরের জীবনটাও ভালো যাচ্ছে না ইউনাইটেড কোচের। পর্তুগিজ কোচ যে পরিবারছাড়া হয়ে একরকম ‘হোটেলবন্দী’!
পরিবারছাড়া, কারণ ২০ বছর বয়সী মেয়ে ও ১৭ বছর বয়সী ছেলেকে নিয়ে মরিনহোর স্ত্রী থাকেন লন্ডনে। ৫৩ বছর বয়সী কোচের ঠিকানা তাই ম্যানচেস্টারের লোরি হোটেলের বিলাসবহুল কামরা। কিন্তু বিলাসবহুল হোটেল হলেও মরিনহো তো এখানে ‘গৃহবন্দী’ই হয়ে আছেন। বাইরে যাবেন? পাপারাজ্জিরা যে পিছু ছাড়বে না।
কাল রাতেই মাঠে বেশ বড় একটা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। লিগ কাপে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছে ইউনাইটেড। ম্যাচের আগে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খেদ জানালেন মরিনহো, ‘ম্যানচেস্টারে আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে। আমি বাইরে হাঁটতে যেতে পারি না। এমনকি ব্রিজ পেরিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যাব, তা-ও পারছি না। এটা খুবই খারাপ।’
কাল রাতে ম্যাচটার ফল পক্ষে এসে থাকলে মন খারাপ ভাবটা কিছুটা কমার কথা মরিনহোর। সূত্র: গোলডটকম।