মরিনহোর ব্যর্থতার আসল কারণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে বড় চমক কী? অবশ্যই লেস্টার সিটির অবিশ্বাস্য উত্থান! এরপরই আসবে গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির পথ হারিয়ে ফেলা। একের পর এক হতশ্রী পারফরম্যান্সের মূল্য দিয়ে গত ডিসেম্বরে সরে যেতে হয়েছে ‘ব্লুজ’ কোচ হোসে মরিনহোকে। কিন্তু দারুণ ট্যাকটিশিয়ান হিসেবে পরিচিত মরিনহোর এই ব্যর্থতার কারণ কী? সেস্ক ফ্যাব্রিগাসের কাছে এর উত্তর আছে। খেলোয়াড়দের ওপর অতিরিক্ত আস্থা রাখার কারণেই ডুবতে হয়েছে পর্তুগিজ কোচকে!
গত মৌসুমে উসাইন বোল্টের গতিতে দৌড়ানো চেলসি এবার শুরু থেকেই চলে যায় ট্র্যাকের বাইরে। এর দায় নিয়েই সরে গেছেন মরিনহো। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফ্যািব্রগাস বলেছেন, ‘তাকে অনেক সম্মান করি আমি। আমার মনে হয়, হোসের (মরিনহো) সবচেয়ে বড় সমস্যা ছিল, সে আমাদের অনেক বেশি বিশ্বাস করেছে।’ এএফপি।
চেলসির সবচেয়ে সফল কোচের হতাশাজনক পরিণতির পেছনে খেলোয়াড়দেরই দায় দেখছেন ফ্যাব্রিগাস, ‘(গত মৌসুমে) চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের বেশি ছুটি দিয়েছিল। আমাদের ওপর আগের চেয়ে বেশি ভরসাও করেছিল। কিন্তু আমরাই ওকে ডুবিয়েছি—পুরো দল, সব খেলোয়াড়। এটাই ছিল ওর বিদায়ের মূল কারণ। আর আমি ও পুরো দলই এতে বেশ কষ্ট পেয়েছি।’