মরিনহোর মধুর সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক না কোর্তোয়া?
চেক না কোর্তোয়া?

এমনকি হোসে মরিনহোর মতো কোচও বলছেন, এ সিদ্ধান্ত নেওয়া ভীষণ কঠিন তাঁর জন্য। সেই মরিনহো যিনি রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময়ে ইকার ক্যাসিয়াসের মতো গোলরক্ষককেও অবলীলায় একাদশ থেকে ছুড়ে ফেলেছেন! ক্যাসিয়াস, যাকে ভালোবেসে সমর্থকেরা ‘সন্ত ইকার’ বলে ডাকে। ক্যাসিয়াস, দেড় দশকের ক্যারিয়ারে যিনি রিয়াল মাদ্রিদেরই প্রতিশব্দ হয়ে উঠেছেন। তাঁকে বেঞ্চে বসিয়ে ডিয়েগো লোপেজকে খেলানোর সময়ও মরিনহো বলেননি, এ সিদ্ধান্তটা কঠিন।
অথচ সেই মরিনহো এখন এত দোলাচলে!
কী সেই সিদ্ধান্ত যেটা নেওয়া এত কঠিন হয়ে গেল স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচের জন্য? চেলসি সমর্থকদের জন্য আন্দাজ করা খুব কঠিন কিছু না। পিওতর চেক না থিবো কোর্তোয়া, কে হবেন চেলসির এক নম্বর গোলরক্ষক?
দশ বছর ধরে চেলসি গোলবারের অতন্দ্র প্রহরী, কখনো দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি। আর শুধু গোলরক্ষক তো নয়, বেশ কিছুদিন ধরে চেলসির সহ-অধিনায়কের দায়িত্বও সামলাচ্ছেন চেক। অন্য কে একাদশে থাকবেন না থাকবেন, সেটা নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে, চেকের জায়গা নিয়ে এত দিন কোনো অনিশ্চয়তা ছিল না। এবার সেটা তৈরি হয়েছে। হয়েছে কোর্তোয়ার জন্যই।
২০১১ সালে বেলজিয়ান ক্লাব গেঙ্কের কাছ থেকে কিনেই তাঁকে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে পাঠিয়ে দিয়েছিল চেলসি। চেক আছেন মানে তো কোর্তোয়াকে বেঞ্চেই বসে থাকতে হবে চিন্তা থেকেই হয়তো। এর চেয়ে অ্যাটলেটিকোর হয়ে নিয়মিত খেললে অভিজ্ঞতা বাড়বে তাঁর। কিন্তু কোর্তোয়া শুধু অভিজ্ঞতাই বাড়ালেন না। স্প্যানিশ ক্লাবটির হয়ে গোলপোস্টের নিচে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেলেন যে তিন বছর আগের অখ্যাত নামটিই এখন উচ্চারিত হচ্ছে বিশ্বসেরা গোলরক্ষকদের একজন হিসেবে। এমন একজনকে কি আর অন্য ক্লাবের কাছে ধার দিয়ে বসে থাকা যায়! চুক্তি শেষেই তাই এ মৌসুমে তাঁকে স্টামফোর্ড ব্রিজে ফিরিয়ে এনেছে চেলসি। মরিনহোর মধুর সমস্যাটাও শুরু হয়েছে তখন থেকেই। যে সমস্যার সামনে দাঁড়িয়ে এখন চেলসি কোচ বলছেন, ‘আমি জানি ওরা দুজনেই বিশ্বের যেকোনো ক্লাবে খেলার মতো। কিন্তু এখানে এদের যেকোনো একজনকে বেঞ্চে বসে থাকতে হবে। এটা খুবই কঠিন সিদ্ধান্ত আমার জন্য।’
বিশ্বকাপের পর ছুটিতে থাকায় প্রাক-মৌসুম প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি কোর্তোয়ার। আগামীকাল বার্নলির বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে তাই হয়তো বিশ্রামে থাকবেন বেলজিয়ান গোলরক্ষক। অন্তত একটা সপ্তাহের জন্য কঠিন এই সিদ্ধান্তটা নেওয়া থেকে বেঁচে গেলেন মরিনহোও। তবে সেটি তো নিতে হবেই। যেটির প্রক্রিয়াটা জানিয়ে দিয়েছেন মরিনহো, ‘আমার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাস্তববাদী হয়ে, ঠান্ডা মাথায়, আবেগটা লুকিয়ে রেখে দলের জন্য ভালো হয় এমন একটা সিদ্ধান্ত নেওয়া। মৌসুমে একজন যদি আমার প্রথম পছন্দ হয়, অন্যজনকেও আমার সমর্থন ও উৎসাহ দিয়ে যেতে হবে। এমন অসাধারণ দুই গোলরক্ষকের একজন ক্যাপিটাল ওয়ান কাপে একটা ম্যাচ খেলার জন্য তিন-চার মাস বসে থাকবে, এটা তো মানা যায় না।’
একটা উপায় হচ্ছে দুজনের একজনকে বিক্রি করে দেওয়া। আপাতত সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না থাকায় মরিনহো এ নিয়ে কথা বলতে রাজি হননি। তবে দলবদল শেষ হতে যেহেতু আরও দিন পনেরো বাকি, সেই সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি, ‘দলবদলের বাজার এখনো উন্মুক্ত এবং অভিজ্ঞতা থেকে আমরা জানি, আগে থেকে এখানে কিছুই বলা যায় না।’
মধুর সমস্যাটা থেকে উদ্ধার পেতে এখন হয়তো দলবদলের বাকি এই সময়টার দিকেই তাকিয়ে আছেন মরিনহো। এএফপি।