মরিনহোর মন ভালো করতে ম্যারাডোনার ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনার ফোন পেয়ে আপ্লুত মরিনহো। ছবি-ইনস্টাগ্রাম।
ম্যারাডোনার ফোন পেয়ে আপ্লুত মরিনহো। ছবি-ইনস্টাগ্রাম।

দারুণ খেলেও কাল শেষ পর্যন্ত আর্সেনালের সঙ্গে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। যেটা নিয়ে আফসোসের কমতি নেই ইউনাইটেড কোচ হোসে মরিনহোর। তবে এখন বোধ হয় সেই আফসোস একটু কমবে স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’ কোচের। স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা ফোন করে প্রশংসা করেছেন তাঁর দলের পারফরম্যান্সের। উদ্বুদ্ধ করেছেন পরের ম্যাচে দুর্দান্ত খেলতে।


৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে এবং আর্সেনালের ওপর পুরো আধিপত্য করেও কাল ওল্ড ট্রাফোর্ডে ১-১ গোলে ড্র মেনে নিতে হয়েছে মরিনহোর দলকে। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে আর্সেনালকে একটি পয়েন্ট এনে দিয়েছেন অলিভিয়ের জিরু। এই ড্রটাকেও হারের সমতুল্যই মনে করছেন মরিনহো। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময়ও তাই নাকি একটা কথাই বলে যাচ্ছিলেন বারবার, ‘অবশেষে আমি আর্সেনালের কাছে হেরেছি! অবশেষে আমি আর্সেনালের কাছে হেরেছি।’

তবে তাৎক্ষণিক যে আফসোসটা ছিল, সেটা বোধ হয় পরে কিছুটা কমে এসেছে। কমাতে সাহায্য করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ম্যাচের পর মরিনহোকে ফোন করে প্রশংসা করেছেন তাঁর দলের খেলার। ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে একটা ছবি দিয়ে মরিনহো তাই লিখেছেন, ‘অসাধারণ একটা পারফরম্যান্স। কিন্তু বাজে ফলের পর আমি একটা ফোন পেয়ে খুব উদ্দীপ্ত। ফোনটা কিং ডিয়েগোর। অনেক ধন্যবাদ, বন্ধু। তোমার সমর্থন, আমার পরিবারের সমর্থন, অন্য বন্ধুরা, আমার খেলোয়াড় আর সমর্থকদের সবার সহযোগিতায় আমি এগিয়ে যাব।’

আগামী বৃহস্পতিবার মরিনহোর দল ইউনাইটেড পরবর্তী ম্যাচটা খেলবে ইউরোপা লিগে ফেইনুর্দের বিপক্ষে। ইনস্টাগ্রাম।