মরিনহোর মাদ্রিদে ধ্বংস হয়ে গিয়েছিলেন কাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিনহোর অধীনে খেলার সুযোগ পেতেন না কাকা। ফাইল ছবি
মরিনহোর অধীনে খেলার সুযোগ পেতেন না কাকা। ফাইল ছবি

বর্ণাঢ্য ক্যারিয়ারে পেয়েছেন অনেক কিছু। তাঁর ভাষায়, ব্যালন ডি’অর জেতা সর্বশেষ মানুষ তিনি। হ্যাঁ, মেসি-রোনালদোর প্রশংসা এভাবেই করেন বিনয়ী কাকা। কিন্তু এমন মানুষের মনে বড় এক দুঃখ আছে। ব্রাজিলিয়ান তারকার জীবনের অন্যতম দুঃসময় হিসেবে দেখা হয় রিয়াল মাদ্রিদে থাকা চার বছরকে। কাকা নিজেও বলেছেন, মাদ্রিদের সময়টাই তাঁকে ধ্বংস করে দিয়েছিল!

গত বছর ফুটবলকে বিদায় জানিয়েছেন রিকার্ডো কাকা। মাদ্রিদ ছাড়ার ৬ মৌসুম পরে, রিয়ালে থাকার সময়টা নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা তারকা। এসি মিলানে নিজের সেরা সময় পার করে মাদ্রিদের দুঃসময় নিয়ে সরাসরি বলেছেন। যদিও চার বছরে লা লিগা ও কোপা দেল রের মতো ট্রফি নামের পাশে যুক্ত হয়েছে, তবুও মিলানে তাঁর খেলার সঙ্গে মেলালে আশাহত হতেই, ‘২০০৯ সালে আমি রিয়ালের প্রস্তাব গ্রহণ করি, কিন্তু আমি সেখানে পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলাম। কারণ মিলানে যেটা খেলতাম, সেটা দিতে পারছিলাম না, নিজেকে হারিয়ে ফেলেছিলাম।’

এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে ভিড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। মিলানের নয়নের মণি রিয়াল সমর্থকদেরও পছন্দের খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন। কিন্তু তখনকার রিয়াল কোচ কাকাকে উপযুক্ত সুযোগ দিতেন না, ‘সে আমার জন্য একটু কঠিন কোচ ছিল, কিন্তু আমাদের সম্মানের সম্পর্ক ছিল। যখনই ভাবতাম খেলার সুযোগ পাব, তখনই সে আমাকে অনুপযুক্ত ভাবত। আমি অনুশীলন করতাম, আমি সবটুকু ঢেলে দিতাম, ঈশ্বরের কাছে প্রার্থনাও করতাম। কিন্তু তারপরও কোচের বিশ্বাস অর্জন করতে না পারায় বুঝতে পারলাম, তাঁর সঙ্গে কাজ করতে পারব না।’

মাঠে সুযোগ না দিলেও মরিনহো কাকাকে ভালো চোখেই দেখতেন। অন্তত কাকা সেটাই বলেছেন, ‘সে যখন মাদ্রিদ ছেড়ে দিচ্ছে, তখন একটা মেসেজ পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, যত খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন, তাঁদের মধ্যে সেরা পেশাদারদের একজন আমি। এটা আমাকে আনন্দ দিয়েছিল অনেক।’