মরিনহোর মুখে ছাঁটাইয়ের কথা!
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন একবার বলেছিলেন, রাজনীতিতে একটি সপ্তাহই অনেক লম্বা সময়। তাহলে তো হোসে মরিনহোর কাছে সাড়ে চার মাস আগের সময়টা এখন প্রাগৈতিহাসিক কোনো স্মৃতিই মনে হবে!
এই তো মাত্রই গত মে মাসের কথা। ৮ পয়েন্ট এগিয়ে থেকে চেলসি লিগে চ্যাম্পিয়ন হলো, চারদিকে মরিনহোর জয়জয়কার। তিন মাস পর প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে সোয়ানসির সঙ্গে প্রথম ম্যাচে হোঁচট খেল চেলসি। মরিনহো মনে করিয়ে দিলেন, ইন্টার ও পোর্তোর হয়ে ট্রেবলজয়ী মৌসুমের শুরুটাও হয়েছিল ড্র দিয়ে। কিন্তু এখন কোন ইতিহাস থেকে প্রেরণা নেবেন?
ইতিহাস উল্টো অশনিসংকেতই দিচ্ছে। এবারের আগে লিগে চেলসির সবচেয়ে বাজে শুরু হয়েছিল ১৯৭৮-৭৯ মৌসুমে। সেবার কিন্তু শেষ পর্যন্ত অবনমনেই পড়তে হয়েছিল তাদের। এবার লিগে ১৬ নম্বরে, অবনমনের ছায়া একটু হলেও পড়তে শুরু করেছে। কেউ প্রশ্ন করতেই পারেন, স্বঘোষিত ‘স্পেশাল ওয়ানের’ বদলে অন্য কেউ কোচ থাকলে চাকরিটা কি থাকত? পরশুর ম্যাচের পর মরিনহোর আত্মপক্ষ সমর্থন ‘স্পেশাল’ই হলো, ‘ক্লাব চাইলে আমাকে ছাঁটাই করতে পারে, তবে আমি নিজে থেকে সরে দাঁড়াব না। ক্লাবের ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ আমাকে ছাঁটাই করলে তারা ক্লাবের সেরা ম্যানেজারকেই ছাঁটাই করবে। এখন আমাদের সবার একসঙ্গে থেকে দায়িত্ব নেওয়ার সময়।’
রোমান আব্রাহিমোভিচের কেন তাঁর ওপর ভরসা রাখা উচিত সেটিরও একটা ব্যাখ্যা দিয়েছেন মরিনহো, ‘প্রথমত, আমার পেশাদার একটা গর্ব আছে, আমি জানি নিজের কাজটা আমি খুব ভালো বুঝি। দ্বিতীয়ত, আমি এই ক্লাবকে খুবই ভালোবাসি। আমার মনে হয়েছে, আমি থাকলেই ক্লাবের জন্য সবচেয়ে ভালো হবে।’ কিন্তু শুধু কথায় তো আর চিড়ে ভেজে না, মাঠেও কিছু করে দেখাতে হয়! মরিনহো অবশ্য এখনো আশা ছাড়ছেন না, ‘আমার মনে হয় ডিসেম্বর, জানুয়ারির মধ্যেই আমরা শীর্ষ চারে চলে আসব। চ্যাম্পিয়ন হওয়াটা অসম্ভব না হলেও খুব, খুব কঠিন। তবে শীর্ষ চারে থাকাটা সম্ভব, সহজ না যদিও।’
কিন্তু নিজের সমর্থকেরাই যখন দুয়ো দিতে শুরু করে, তখন পায়ের নিচের মাটিটা একটু সরে যায়ই। মরিনহোর বিশ্বাস এখনো সে রকম পরিস্থিতি হয়নি, ‘খেলোয়াড়েরা কি বিশ্বাস করে আমি কাজটার জন্য সঠিক লোক? এই সপ্তাহে আমরা এটা নিয়ে কথা বলেছি, এই ব্যাপারে কারও কোনো সন্দেহ নেই।’
পরশু সবাই হয়তো মরিনহোর মুখে নতুন কোনো অজুহাতই শুনতে চেয়েছিলেন। চেলসি কোচ এবারও ‘নিরাশ’ করেননি, ফ্যালকাওয়ের একটা পেনাল্টি না দেওয়ার জন্য রেফারিকে দুষেছেন, ‘রেফারিরা চেলসির পক্ষে সিদ্ধান্ত দিতে ভয় পায়। আবারও গুরুত্বপূর্ণ সময়ে আমরা পেনাল্টি পেলাম না। এফএ যদি চায় আমাকে শাস্তি দিতে পারে, অনেক ম্যানেজারকে তারা তো শাস্তি দেয় না। কিন্তু আমি আবারও বলব, রেফারিরা চেলসির পক্ষে সিদ্ধান্ত দিতে ভয় পায়।’
এক দিনে এতগুলো বোমা একসঙ্গে ফাটানো বোধ হয় মরিনহোর পক্ষেই সম্ভব! এএফপি, রয়টার্স।