মরিনহোর মেসি-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির সঙ্গে মরিনহো l ফাইল ছবি
মেসির সঙ্গে মরিনহো l ফাইল ছবি

লিওনেল মেসির রুদ্ররূপ কাছ থেকে দেখেছেন অনেকবার। কোচিং ক্যারিয়ারে বার্সেলোনাকে অনেকবারই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন। তবে হোসে মরিনহো কখনো মেসির প্রশংসায় খুব উচ্চকিত হননি। কিন্তু বায়ার্নের সঙ্গে খেলার পর সেই মরিনহোই বলছেন, মেসি থাকলে যেকোনো দলই বদলে যেতে বাধ্য।
২০০৯ সালের পর এই প্রথম মরিনহো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ। সেই দুঃখ ভুলে চেলসি কোচ মেতে উঠলেন মেসি-বন্দনায়, ‘আমি বলছি এ রকম একজন দলে থাকলে গল্পটা বদলে যেতে বাধ্য। অনেক বছর পর আমি এখানে নেই কিন্তু মেসিকে দেখে সেই আফসোসটা আর মনে আসছে না। আমি শুধু চিন্তা করছি কী করল সে। রাইকার্ডের হয়ে সে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছে। এরপর গার্দিওলার, এবার এনরিকের হয়ে।’
ব্যক্তির চেয়ে দলকে সব সময় আগে রাখেন। ব্যালন ডি’অর নিয়েও মরিনহো যথেষ্টই নিস্পৃহ। সেই মানুষটিই মেসি-জাদুতে বিমোহিত, ‘আমার মনে হয় ও একাই অনেকটা ব্যবধান ঘোচাতে পারে। মেসিকে পেলে ম্যান সিটি চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে কি না, তা নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে। আর্সেনাল, চেলসি বা ম্যানচেস্টার ইউনাইটেড যদি ওকে পায়? আপনার সন্দেহ থাকতে পারে, আমার নেই।’
এখনো বিশ্বকাপ জেতেননি, সর্বকালের সেরা হিসেবে অনেকেই হয়তো মেসিকে মানবেন না। তবে তাঁকে সর্বকালের সেরা ক্লাব ফুটবলারের স্বীকৃতি দিতে দ্বিধা নেই জ্যামি ক্যারাঘারের। আলফ্রেডো ডি স্টেফানো, ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনা বা ফ্রাঞ্জ বেকেনবাওয়ারদের চেয়ে ক্লাব শ্রেষ্ঠত্বে মেসিকেই এগিয়ে রাখছেন সাবেক এই লিভারপুল ডিফেন্ডার। ইএসপিএন, গোলডটকম।