মরিনহোর যত 'স্পেশাল' উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিনহোর নতুন উক্তি শুনতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। ছবি: এএফপি
মরিনহোর নতুন উক্তি শুনতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। ছবি: এএফপি

তাঁকে যেতে হচ্ছে সেটি বোঝা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে গেলেন তিনি। চেলসির কোচের পদ থেকে গতকাল পারস্পরিক সমঝোতায় বিদায় নিয়েছেন হোসে মরিনহো। তবে তাঁর বিদায় প্রিমিয়ার লিগে একটা ‘শূন্যতা’ তৈরি করে দিয়ে গেছে। চেলসির ডাগআউটের শূন্যতা নয়, সেটি তো আজ-কালের মধ্যেই পূর্ণ হয়ে যাবে। মরিনহোর বিদায়ে শূন্যতা অনুভব করাচ্ছে তাঁর ‘স্পেশাল’ যত কীর্তি, ‘স্পেশাল’ সব উক্তি।
তাঁর খেলার ধরণ পছন্দ করুন আর না-ই করুন, ব্যক্তি হিসেবে তাঁকে আপনার ভালো লাগুক বা না-ই লাগুক, এটা মানতেই হবে, মরিনহো থাকা মানে প্রিমিয়ার লিগে আরও একটু রঙ যোগ হওয়া। তাঁর বিভিন্ন সময়ে আলোচিত যত উক্তি, আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার কিংবা এক সময়ের লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে তাঁর যত ‘খুনসুটি’ - নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এই ব্যাপারগুলোও প্রিমিয়ার লিগের বাড়তি আকর্ষণ হয়ে ছিল।
সেই মরিনহো কাল দ্বিতীয়বারের মতো চেলসির কোচের পদ থেকে বিদায় নিলেন। এই উপলক্ষে দেখে নেওয়া যাক, পুরো কোচিং ক্যারিয়ারে মরিনহোর আলোচিত যত উক্তি -
চেলসিতে প্রথম দফায় দায়িত্ব নেওয়ার সময় বিখ্যাত সেই পরিচয়পর্ব: ‘অনেক ভালো খেলোয়াড় আছে দলে। এবং, আমায় ক্ষমা করবেন, এর চেয়েও ভালো একজন কোচ আছে। দয়া করে আমাকে উদ্ধত ভাববেন না, কারণ আমি যা বলছি সেটি সত্যি। আমি একজন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, অন্য সবার মতো নই। আমি স্পেশাল ওয়ান।’
২০০৭ সালে খেলোয়াড় কেনার জন্য টাকার অভাবের কথা জানিয়ে (অবিশ্বাস্য লাগতে পারে, চেলসিতেও তাহলে খেলোয়াড় কেনার টাকার অভাব হয়!) সেই ডিমতত্ত্ব: ‘এটা অমলেট আর ডিমের মতো। ডিম নেই, তো অমলেটও হবে না। সুপারমার্কেটে গেলে আপনি বিভিন্ন শ্রেণির ডিম পাবেন - প্রথম, দ্বিতীয়, তৃতীয়...। এর মধ্যে কিছু ডিম থেকে অন্যগুলোর চেয়ে ভালো অমলেট হয়। এখন এই ভালো ডিমগুলো যদি ওয়েইটরোজে (ব্রিটিশ সুপারমার্কেট) পাওয়া যায়, কিন্তু আপনি সেখানে যেতে না পারেন, তাহলে তো সমস্যা।’

তাঁর সবচেয়ে প্রিয় ‘শিকার’ আর্সেন ওয়েঙ্গারকে নিয়ে: ‘আমার মনে হয় তিনি ওই লোকদের একজন, যারা লুকিয়ে লুকিয়ে অন্যদের ব্যক্তিগত ও গোপন বিষয় দেখার চেষ্টা করে। অন্যদেরকে দেখতে তাঁর খুব ভালো লাগে। কিছু লোক আছে দেখবেন, বাসায় বসে একটি টেলিস্কোপ নিয়ে বসে আর দেখে অন্য পরিবারগুলোতে কী হচ্ছে। আর্সেন ওয়েঙ্গারও সেরকম। তাঁর মুখে শুধু চেলসি, চেলসি আর চেলসি।’

শুধু নির্দেশনায় নয়, আকার ইঙ্গিতেও খেলোয়াড়দের তাঁর পছন্দ-অপছন্দ জানিয়ে দেন মরিনহো। ইঙ্গিত তো অনেক ধরণেরই হতে পারে, তবে মরিনহো বেছে নিলেন মাথার চুলকে। ছেঁটে একেবারে ছোট করে ফেললেন। এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে পরে বললেন, ‘আমি চাই যেন দলের তরুণ খেলোয়াড়েরাও সুন্দর ভাবে চুল কাটায়। রাফাস্তারিয়ান (জ্যামাইকায় উদ্ভুত ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী) কিংবা এখন ওরা যেরকম করে চুল কাটছে সেরকম নয়।’

ইন্টার মিলানে থাকার সময় দলের অতি-রক্ষণাত্মক খেলার ধরণের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন মরিনহো। তাঁর জবাবটা দিলেন এভাবে: ‘আমরা কীভাবে খেলি সেটা গুরুত্বপূর্ণ নয়। যদি আপনার একটা ফেরারি থাকে, আর আমার একটা ছোট্ট গাড়ি, তাহলে আপনাকে রেসে হারাতে হলে হয় আপনার গাড়ির চাকা ফাটিয়ে দিতে হবে, নতুবা তেলের টাংকিতে চিনি ভরে দিতে হবে।’ বেশ উদ্ভাবনী বিশ্লেষনই বটে। শুধু তাঁর দলের খেলায়ও যদি এমন উদ্ভাবন দেখা যেত!

তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার প্রসঙ্গে। এবার তাঁর বিশ্লেষণে জড়িয়ে গেল ফলের নাম - ‘তরুণ খেলোয়াড়েরা হচ্ছে তরমুজের মতো। যতক্ষণ পর্যন্ত আপনি তরমুজটা ভেঙে না খাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না এটা আসলেই শতভাগ ভালো কিনা।’

নিউক্যাসল ম্যাচে প্রতিপক্ষের সময় নষ্ট করার কৌশল প্রসঙ্গে : ‘ওরা পিচে একটা গরুকে নামিয়ে দিলেও পারত। গরুটা হাঁটত। ওরা তখন খেলা বন্ধ করে দিয়ে কারণ দেখাতে পারত - গরু হাঁটছে।’

খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ চান জানিয়ে, নিজের কোচিং ধরণ ব্যাখ্যা করতে গিয়ে: ‘বাসের জন্য দেরি করছে এমন একজনের জন্য অপেক্ষা করার চেয়ে আমি বরং দশজন নিয়ে খেলব।’ সত্যি? বাস? বেছে বেছে এই উদাহরণটাই দিলেন মরিনহো!

ক্রিস্টিয়ানো রোনালদোর বিষয়ে: ‘ও মনে করে ও সব কিছুই জানে। আর একজন কোচ ওকে আরও ভালো হতে কোনো সাহায্য করতে পারবে না।’

‘আজ আছে, কাল নেই’ কোচের চাকরির এই আসল সূত্রের ইতিবাচক দিকটাও বের করে ফেলেছেন মরিনহো: ‘যদি ক্লাব আমাকে বাজে ফলের জন্যে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে করতেই পারে। সেটি খেলার অংশ। তবে এতে করে আমি মিলিয়নার হয়ে যাব। আবার কয়েক মাস পর অন্য আরেকটা ক্লাব তো পেয়েই যাব।’

শেষ মন্তব্যটা অবশ্য অনেক আগের। তবে চিরকালীন সত্যি। চেলসি থেকে বরখাস্ত হয়েও যে প্রায় ১৩ মিলিয়ন ডলার পাচ্ছেন মরিনহো। (গুঞ্জন ছিল এটি প্রায় ৪০ মিলিয়নের মতো হবে, তবে মরিনহো নাকি শুধু এক বছরের বেতনই ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছেন। বাকি অর্থ দিয়ে নাকি পরের দলবদলে ক্লাবকে নতুন খেলোয়াড় কেনার পরামর্শ দিয়ে গেছেন।)
তো মিলিয়নার তো বনে গেলেন মরিনহো। পরের গন্তব্য কোথায়? আবারও রিয়াল মাদ্রিদ ? নাকি ম্যানচেস্টার ইউনাইটেড?