মরিনহোর লিসবনে চেলসির জয়

‘তিন পয়েন্ট মানে তিন পয়েন্ট। ঘরের মাঠে দুই পয়েন্ট খুইয়েছি। এবার ঘর থেকে বেরিয়ে তিন পয়েন্ট পেলাম।’ নিজ শহর লিসবনে স্পোর্টিং লিসবনের বিপক্ষে জয়ের পর এমনভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন চেলসি কোচ হোসে মরিনহো। এস্তাদিও হোসে আল ভালদোয় কাল চেলসির জয়টি এসেছে ১-০ গোলে। ম্যাচের ৩৪ মিনিটে নেমেনজা মাতিচ জয়সূচক গোলটি করেন।
ম্যাচ শেষে যা-ই বলুন না কেন লিসবনের সন্ধ্যাটা বেশ উৎকণ্ঠাতেই কেটেছে মরিনহোর। পুরো খেলায় নিজ দলের কর্তৃত্ব থাকলেও গোলের সুযোগ অপচয় করার মহড়ার ব্যাপারটি যে তাঁকে যথেষ্ট পীড়া দিয়েছে, এ কথা না বললেও চলে। তবে দল জেতায় তিনি এ নিয়ে ম্যাচ শেষে তেমন উচ্চবাচ্য করেননি। বরং নিজ দলকে ‘তরুণ দল’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘যে দলটি তরুণ তারা যে প্রতিটি ম্যাচ একই গতি ও নৈপুণ্যের সঙ্গে খেলবে, এমন কোনো কথা নেই।’
চেলসি অধিনায়ক জন টেরি কাল খেললেন নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ। মাঠের পারফম্যান্সেও ছিলেন দুর্দান্ত। সেন্ট্রাল ডিফেন্সে তাঁর অনবদ্য নৈপুণ্যই শেষ অবধি চেলসির কোনো বিপদের কারণ ঘটেনি।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘জি’তে নিজেদের শীর্ষস্থানেই দেখছে চেলসি। জার্মানিতে শালকে ০-৪ ও এমকে মারিবরের ম্যাচটি ১-১ ড্র হওয়াতেই চেলসির শীর্ষে ওঠার পথটা খুলে গেছে। এক পয়েন্ট নিয়ে স্পোর্টিং লিসবন আছে এই গ্রুপের সবশেষ স্থানে। সূত্র: এএফপি।