মরিনহোর হাসি, মরিনহোর রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিনহো কি চিন্তিত? ছবি: রয়টার্স
মরিনহো কি চিন্তিত? ছবি: রয়টার্স

হোসে মরিনহো হাসবেন, নাকি মুখ গোমড়া করে থাকবেন? কাল চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে গত রাতের ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল। এগিয়ে থেকেও ড্র, মরিনহোর মেজাজ চড়ে যেতেই পারে। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবিধাটা স্বস্তি নিশ্চয়ই দিচ্ছে তাঁকে। তবে শিষ্যদের খেলায় মন ভরেনি চেলসি কোচের। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ঠিক করা একটা দলের খেলা এমন হতে পারে না।
ম্যাচের প্রথম গোলটা এসেছিল ব্রানিস্লাভ ইভানোভিচের হেড থেকে। চেলসির রক্ষণভাগের তারকা জন টেরির একটি ক্রস আলতো করে ফ্লিক করে তুলে দেন গ্যারি কাহিল। বাকি কাজটা নিপুণভাবেই সম্পন্ন করেন সার্বিয়ান ডিফেন্ডার। ৩৬তম মিনিটে এক গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তখন চেলসির হাতে। তবে খুব বেশিক্ষণ ম্যাচের লাগাম তারা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অগোছালো লাগছিল চেলসির রক্ষণভাগ। আর সেই সুযোগ কাজে লাগিয়েই ৫৭ মিনিটের মাথায় মাতুইদির ক্রস থেকে দুর্দান্ত এক হেডে বল চেলসির জালে পাঠিয়ে দেন কাভানি। সমতায় ফেরে পিএসজি।
ম্যাচের ফলাফল অন্য রকমও হতে পারত। হাসির বদলে হতাশায় ডুবতে পারতেন ব্লুজ সমর্থকেরা। ম্যাচের যখন শেষ ১০ মিনিট বাকি, তখন দারুণ এক সুযোগ হাতছাড়া করে স্বাগতিকেরা। থিবো কর্তোয়াকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি কাভানি। সোনালি সুযোগ হাতছাড়া করার এই মাশুল পিএসজিকে ফিরতি লেগে গুনতে হয় কি না, সেটাই দেখার। গোলটা খেলে আরও রেগে যেতেন স্পেশাল ওয়ান। তবে এমনিতেও ম্যাচ শেষে কম বিরক্ত মনে হলো না তাঁকে।

কাল চ্যাম্পিয়নস লিগে আসলে ছিল ড্রয়ের রাত। শাখতার দনেৎ​স্ক-বায়ার্ন মিউনিখ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে আগের ম্যাচেই ৮ গোল করে আসা জার্মান চ্যাম্পিয়নরা কাল শাখতারের অটুট রক্ষণে ফাটল ধরাতেই পারল না। গোল না পাওয়ায় চিন্তার ভাঁজ নিশ্চয়ই বেড়েছে পেপ গার্দিওলার। তার ওপর জাবি আলোনসো শততম ম্যাচটি লাল কার্ড দেখে ‘স্মরণীয়’ করাটা তাঁকে আরও ভাবাচ্ছে নিশ্চয়ই। তবে বার্সেলোনাকে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতানো গার্দিওলা এখনো আশাবাদী, ‘শেষের দিকে আমরা একটু কোণঠাসা হয়ে পড়েছিলাম। ওরা আমাদের থেকে একজন বেশি নিয়ে খেলেছে। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল, কিন্তু আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি। আমি মনে করি, দ্বিতীয় লেগে আমরাই জিতব।’
গার্দিওলা আশাবাদী হতেই পারেন। ফিরতি লেগটা যে বায়ার্নের মাঠে।