
প্রায় দেড় দশকের কোচিং ক্যারিয়ারে হোসে মরিনহো অনেক ট্রফি যেমন জিতেছেন, জন্ম দিয়েছেন স্মরণীয় অনেক ‘পাঞ্চ লাইন’ও। পরশু চেলসির হয়ে জিতেছেন নিজের তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা। এ উপলক্ষে পাঠকদের উপহার দেওয়া গেল মৌসুমের কিছু স্মরণীয় ‘মরিনহো-বচন’
এ মুহূর্তে চেলসির জন্য নিজের মাঠে খেলা আর ফাঁকা স্টেডিয়ামে খেলা একই কথা। শুধু আমরা যখন গোল করলাম, তখন গিয়ে বুঝতে পারলাম, আরে...গ্যালারি তো ভর্তি!
— নভেম্বরে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চেলসির সমর্থকদের সমালোচনা করে
হয়তো ভবিষ্যতে যখন আমি দাদা হব এবং আমার নাতিকে নিয়ে বাসায় বসে ফুটবল দেখব, তখন দারুণ সবুজ ঘাসের মাঠে ফুটবল হবে এবং সেখানে গোল বলতে কিছু থাকবে না। ভবিষ্যতের ওই ফুটবলে হয়তো যারা বেশি বল ধরে রাখতে পারবে তারাই জিতবে। কিন্তু আমার হিসাব সোজা। আমার কাছে ফুটবল মানে প্রতিপক্ষের জালে বল ঢোকানোর চেষ্টা এবং প্রতিপক্ষ যাতে আপনার জালে বল না ঢোকাতে পারে সেটা থামানো।
— বল পজেশননির্ভর ফুটবল নিয়ে চেলসি কোচের দর্শন
ওর প্রতি পায়ের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড, কারণ সে খুবই তরুণ। সঙ্গে ওদের তিন সেরা খেলোয়াড়ের একজনকে দিতে হবে।
— রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন পাউন্ড দিলে এডেন হ্যাজার্ডকে বিক্রি
করতে রাজি হবেন কি না এমন প্রশ্নে
একঘেয়ে হচ্ছে ১০ বছর কোনো ট্রফি না-জেতা। খুবই একঘেয়ে। আপনি একটা দলকে সমর্থন করেন, কিন্তু সে দলটাকে প্রিমিয়ার লিগ জিততে দেখার জন্য অপেক্ষা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। এটাকেই বলে একঘেয়ে।
— গত মাসে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে আর্সেনাল
সমর্থকদের ‘একঘেয়ে চেলসি’ দুয়োধ্বনির জবাবে
আমার দেশে একটা কথা আছে—কুকুর ঘেউ ঘেউ করবেই, তাই বলে ক্যারাভ্যান চলা থামবে না। পণ্ডিত হওয়া তো সোজা। কারণ পণ্ডিত হলে মুখে মুখে সবকিছু জেতা যায়, ওঁরা কখনো হারেন না। এটা খুব ভালো পেশা। হয়তো ১০ বছর পরে এটা আমারও পেশা হবে এবং আমিও তখন সবকিছু জিতব।
— পরশু প্রিমিয়ার লিগের ট্রফি জেতার পর চেলসির সমালোচকদের উদ্দেশে