মরিয়া মরিনহোর সামনে উজ্জীবিত ক্লপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুর্গেন ক্লপ ,হোসে মরিনহো
ইয়ুর্গেন ক্লপ ,হোসে মরিনহো

দুই দলের মুখোমুখি সর্বশেষ ছয় ম্যাচে একটিও জয় নেই। কিন্তু লিভারপুলে এ নিয়ে মনে হয় কোনো বিকার নেই। অক্টোবরের গোড়ায় ইয়ুর্গেন ক্লপ কোচের চেয়ারে বসার পর থেকেই অল রেডরা আক্রান্ত ‘ক্লপ-জ্বরে’। আজ প্রিমিয়ার লিগে চেলসি-পরীক্ষার আগেও ক্লপ-জ্বরের পারদটা চড়া লিভারপুলে।
তবে চেলসির জন্য পরিসংখ্যানটা শুধুই একটু সান্ত্বনা। পাঁচ মাস আগে প্রিমিয়ার লিগের ট্রফি হাতে উচ্ছ্বাসে ভেসে যাওয়া দলটিই এখন লিগের অবনমন অঞ্চলের মাত্র তিন ধাপ ওপরে। মঙ্গলবার স্টোক সিটির কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে লিগ কাপ থেকেও। মাঠের পারফরম্যান্সের সঙ্গে রেফারিদের প্রতি বিষোদ্‌গার, খেলোয়াড়দের সঙ্গে বিবাদের গুঞ্জন মিলিয়ে বেশ নাজুক অবস্থায়ই আছেন চেলসির কোচ হোসে মরিনহো।
দেখুন তো, ম্যাচ হবে দুটি ক্লাবের মধ্যে। অথচ এ পর্যন্ত লেখাজুড়েই শুধু দুই কোচের কথাই আসছে। আসবে না! ম্যাচটি যে ‘স্পেশাল ওয়ানে’র সঙ্গে ‘নরমাল ওয়ানে’র লড়াই। প্রিমিয়ার লিগে প্রথম এসেই নিজেকে বিশেষ একজন ঘোষণা দিয়েছিলেন মরিনহো। এই মৌসুমের আগ পর্যন্ত একবারও ‘অস্তিত্ব-সংকটে’ পড়েনি সেই পরিচয়টা।

ক্লপের নামটাও তাঁর নিজের দেওয়া, তবে সেটা মরিনহোর মতো অত স্বপ্রণোদিত হয়ে নয়। তবে মরিনহোর কাছে হয়তো ক্লপ নামটা একটুও সাধারণ নয়। ২০১৩ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়ে স্প্যানিশ ক্লাবটিতে মরিনহো-রাজত্বের শেষ টেনে দিয়েছিল ক্লপের ডর্টমুন্ডই। পর্তুগিজ কোচ এটা চাইতেই পারেন না এবারও সে রকম কিছু ঘটুক। ইংলিশ সংবাদমাধ্যম যেমন আভাস দিয়েছে তাতে লিভারপুলের কাছে আজ হারলে চাকরিটা চলে যেতে পারে মরিনহোর।

 ‘চাকরি বাঁচানোর’ ম্যাচে স্ট্রাইকার ডিয়েগো কস্তাকে পাচ্ছেন না মরিনহো। সর্বশেষ ম্যাচে পাঁজরে চোট পেয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার। তবে চেলসি কোচের এর চেয়েও বড় দুশ্চিন্তা হয়তো হ্যাজার্ড, ফ্যাব্রিগাসসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফর্মের দৈন্য। ক্লপেরও দুশ্চিন্তার নাম চোট। হেন্ডারসন, স্টারিজ, ইংস...লিভারপুলের চোটের তালিকাটা বেশ লম্বা। তবে স্বস্তি হয়ে আসছে স্ট্রাইকার বেনটেকের ফেরা। গতকাল পুরোদমে অনুশীলন করেছেন এই বেলজিয়ান। সর্বশেষ ম্যাচে লিভারপুলের হয়ে প্রথম জয় পাওয়া ক্লপকে আজও জয়ের স্বাদ এনে দিতে পারেন বেনটেকেই।

তবে সব ছাপিয়ে আজ দেখার বিষয়, ম্যাচটা ‘বিশেষ’ কোচের প্রিমিয়ার লিগে ‘স্বাভাবিক’ পথচলা থামিয়ে দেয় কি না। এএফপি, ইএসপিএন।