মরিয়া বার্সা এবার ১৫০ মিলিয়ন দিতেও রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুল সমর্থকদের এমন দাবি উপেক্ষা করে বার্সায় যাবেন কুতিনহো? ছবি: রয়টার্স
লিভারপুল সমর্থকদের এমন দাবি উপেক্ষা করে বার্সায় যাবেন কুতিনহো? ছবি: রয়টার্স

দানে দানে তিন দান। তবে প্রসঙ্গ যদি হয় বার্সেলোনা কিংবা কুতিনহো, সে ক্ষেত্রে এরপরও দান থাকে। প্রথম তিনটি প্রস্তাব ব্যর্থ হওয়ার পর, ফিলিপে কুতিনহোকে দলে টানতে আরেকটি প্রস্তাব পাঠিয়েছে বার্সেলোনা। নেইমারের শূন্যতা পূরণ করতে এবার তাঁরই জাতীয় দলের সতীর্থ ফরোয়ার্ডকে দলে টানতে ১৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি বার্সেলোনা! এই টাকায় লিভারপুল রাজি হলে এটি হবে নেইমারের পর রেকর্ড সর্বোচ্চ টাকার দলবদল।

গত সপ্তাহেই কুতিনহোর জন্য তৃতীয় প্রস্তাব পাঠিয়েছিল বার্সেলোনা। ১২৫ মিলিয়ন ইউরোর সে প্রস্তাব অবশ্য সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়েছে লিভারপুল। সে প্রস্তাবের নানা শর্তও লিভারপুলের জন্য খুব একটা উৎসাহজনক ছিল না।
রোববার পর্যন্ত সে প্রস্তাবেই ‘আল্টিমেটাম’ দিয়ে রেখেছিল বার্সেলোনা। ১২৫ মিলিয়নের সে প্রস্তাবে রাজি না হলে কুতিনহোকে নিয়ে আর আগ্রহ দেখাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু স্কাই স্পোর্টসের নতুন খবর বলছে, কুতিনহোকে পেতে মরিয়া বার্সা এবার নতুন প্রস্তাব দিচ্ছে। তাতে ১৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি বার্সা। এর মধ্যে ১১০ ইউরো সরাসরি দেবে কাতালানরা। বাকি ৪০ মিলিয়ন ইউরো সহজ কিছু শর্তের বিনিময়ে। যেমন বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলেই কিছু অর্থ পাবে লিভারপুল। ২০০৯ সাল থেকে চ্যাম্পিয়নস লিগ খেলা ও তিনবার জেতা এক দলের ক্ষেত্রে এটা প্রায় নিশ্চিত প্রাপ্তি।
দলবদলের মৌসুমের শুরুতে কুতিনহোর জন্য ৭৮ মিলিয়ন ও দ্বিতীয় দফা ৯৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। সে প্রস্তাব দেড় শ মিলিয়ন ছুঁল এখন। তবু যে তাঁকে পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না বার্সেলোনা। মাত্র আট দিন বাকি আছে দলবদলের, এই সময়ে কুতিনহোর বিকল্প খুঁজে পাওয়া যে কঠিন লিভারপুলের জন্য।
কুতিনহোর মন বার্সায় পড়েই আছে। কিন্তু লিভারপুল কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে সবকিছু।