মর্যাদার লড়াইয়ে জয় মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর বিপক্ষে জয়ের পর মোহামেডান খেলোয়াড়দের উল্লাস । ছবি: বাফুফে
আবাহনীর বিপক্ষে জয়ের পর মোহামেডান খেলোয়াড়দের উল্লাস । ছবি: বাফুফে

নিশ্চিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল মর্যাদার এই লড়াই। গ্যালারিতে উপস্থিত দর্শকেরা গোলের অতৃপ্তি নিয়েই তখন প্রস্তুতি নিচ্ছিলেন মাঠ ছাড়ার। কিন্তু কোথা থেকে যেন কী হয়ে গেল। মোহামেডান গোলরক্ষক আশরাফুল আলম রানার লম্বা শটটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে চকিতে আবাহনী সমর্থকদের হৃদয় ভেঙে দিলেন মোহাম্মদ ইব্রাহীম। ইব্রাহীমের দারুণ এই গোলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের মর্যাদার লড়াই নিজেদের করে নিয়েছে সাদা-কালো শিবির।
৮৯ মিনিটে মোহামেডানের ওই জয়সূচক গোলটির আগে খেলায় কিন্তু ছিল যথেষ্ট ভারসাম্য। লিগে পয়েন্ট টেবিলে অবস্থান যা-ই হোক, দুই চিরপ্রতিদ্বন্দ্বী কিন্তু আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জোর লড়াইয়ের ভাবনা নিয়েই। দুই দলের আক্রমণাত্মক মানসিকতা মাঠে উপস্থিত দর্শকেরাও কিন্তু উপভোগ করেছেন প্রাণ ভরেই। আক্রমণ আর পাল্টা আক্রমণে গোলের সুযোগও দুই দল তৈরি করেছিল সমান সংখ্যাতেই। কিন্তু দিন শেষে সুযোগকে গোলে পরিণত করতে পারার মুনশিয়ানার কল্যাণে বিজয়ী দল ওই মোহামেডানই।
‍