মহাকাব্যের মহানায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

এভাবে ফেরা প্রায় অসম্ভবই ছিল। তবু বিশ্বাস ছিল মেসি-নেইমারদের, উদ্যমও ছিল। তাতেই অসম্ভব হলো সম্ভব। দ্বিতীয় লেগে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে গেল বার্সেলোনাই l ছবি: ইনস্টাগ্রাম
এভাবে ফেরা প্রায় অসম্ভবই ছিল। তবু বিশ্বাস ছিল মেসি-নেইমারদের, উদ্যমও ছিল। তাতেই অসম্ভব হলো সম্ভব। দ্বিতীয় লেগে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে গেল বার্সেলোনাই l ছবি: ইনস্টাগ্রাম

বার্সার সবচেয়ে প্রয়োজনের সময়ে নেইমার গোল করলেন, করালেনও

অবিশ্বাস্য? নাহ, এই শব্দ দিয়ে বোঝানো যাবে না। 

রূপকথা? এতেও কম পড়ে যায়।

তাহলে অলৌকিক কিছু? মিরাকল? পাগলাটে? সবগুলো একসঙ্গে মিলিয়ে যদি কাছাকাছি বোঝানো যায়। পরশু রাতে ন্যু ক্যাম্পে যা হলো, সেটির বর্ণনায় যে অভিধানও কম পড়ে যায়। ব্যাখ্যাতীত ব্যাপার, যেটিকে শুধু অনুভব করা যায়, শব্দে বাঁধা কঠিন।

রোমাঞ্চের শিহরণ ছড়ানো এমনই কীর্তি গড়েছেন নেইমার-মেসিরা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে যা কখনো হয়নি, নকআউট পর্বে প্রথম লেগের ৪-০ হারের ব্যবধান ঘুচিয়ে কোনো দল এর আগে যেতে পারেনি পরের পর্বে। সেটিই পরশু করে দেখিয়েছে বার্সা। প্যারিসে প্রথম লেগের ৪-০ গোলের লজ্জা ঘুচিয়ে ঘরের মাঠে পরশু প্যারিস সেন্ট-জার্মেইকে ৬-১ গোলে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে! জন্ম দিয়েছে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা প্রত্যাবর্তনের।

সেটিও কী অবিশ্বাস্য নাটকীয়তায়! সবচেয়ে পাঁড় বার্সেলোনা সমর্থকও এমন কিছু বিশ্বাস করেছিলেন?

৮৭ মিনিটেও বার্সেলোনা ছিল ৩-১ গোলে এগিয়ে। ম্যাচে জয় নিশ্চিত, কিন্তু দুই লেগ মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া? সেই বিশ্বাস তখনো কুয়াশাচ্ছন্ন। ঝাপসা। পিএসজি একটি ‘অ্যাওয়ে’ গোল পেয়ে যাওয়ায় বার্সার সামনে সমীকরণটা দাঁড়ায় এমন—নির্ধারিত সময়ের দুই মিনিট, আর যোগ করা সময়ে (শেষ পর্যন্ত যেটি হলো পাঁচ মিনিট) গোল করতে হবে তিন-তিনটি। প্রায় এক লাখ দর্শক ঠাসা স্টেডিয়ামে সেই আশার রেণু হয়তো ছিল। কিন্তু বিশ্বাস ছিল কজনের?

তা কেউ করুন না-করুন, একজন করেছিলেন। নেইমার! এমন মহাকাব্যিক জয়টা পুরো বার্সেলোনা দলের কৃতিত্ব, মেসি-সুয়ারেজ-বুসকেটস-ইনিয়েস্তারা কাঁধে কাঁধ মিলিয়েই বার্সার ইতিহাসে সবচেয়ে বর্ণিল পাতাটি লিখেছেন। কিন্তু এই মহাকাব্যের মহানায়ক? নাহ, লিওনেল মেসি নন। সেটি ২৪ বছর বয়সী সদা হাস্য ব্রাজিলিয়ান।

‘যদি আমাদের ১ শতাংশও সম্ভাবনা থাকে, তাহলে ৯৯ শতাংশ বিশ্বাস নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব’—ম্যাচের আগে বলেছিলেন তিনি। এমনকি সতীর্থদের সঙ্গে বাজিও ধরেছিলেন, ‘দেখো, আমি দুই গোল করব!’ বিশ্বাসটাকেই ‘অক্সিজেন’ করে পুরো ম্যাচে দৌড়েছেন, বার্সার সবচেয়ে প্রয়োজনের সময়টাতে নেইমার করলেন-করালেন গোলও!

৮৮ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করে কিছুটা ঝিমিয়ে পড়া স্টেডিয়ামকে আবার জাগালেন। ৯১ মিনিটে পেনাল্টিতে গোল করে পুরো স্টেডিয়ামে সঞ্চারিত করেছেন নিজের বিশ্বাসটাকে। আর ইতিহাস গড়েছেন যোগ করা সময়ের শেষ মিনিটে। ৯৪ মিনিট ৩৯ সেকেন্ডে। বক্সের বাইরে থেকে তাঁর দুর্দান্ত ক্রসে পা ছুঁইয়েই বার্সার প্রত্যাবর্তনের মহাকাব্যে শেষ শব্দটি লিখলেন সার্জি রবার্তো! ম্যাচ শেষে নেইমারের মুখে বিশ্বাসের জয়গানই তো থাকার কথা, ‘আমরা শেষ মুহূর্তটি পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছি। আর যদি আমরা বিশ্বাস করি, সেভাবেই খেলি, তাহলে বার্সাকে রোখা দুঃসাধ্য! আমার জীবনের সেরা ম্যাচ এটি।’

অন্যতম সেরা ম্যাচ এটি বার্সার ইতিহাসেও। নেইমারের মতো করে অদমনীয় না হোক, ম্যাচের আগে বিশ্বাসটা ঠিকই ছিল—কোয়ার্টার ফাইনালে না যাক, অন্তত মাথা নিচু করে বিদায় নেবে না বার্সা। তৃতীয় মিনিটে সুয়ারেজের সুযোগসন্ধানী গোল সেটি আরেকটু বাড়িয়েছে। ৪০ মিনিটে ইনিয়েস্তার দুর্দান্ত ব্যাক-ফ্লিকের পর পিএসজি ডিফেন্ডার কুরজাওয়ার অসহায় আত্মঘাতী গোলে অর্ধেক কাজও সারা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টিতে মেসির গোল! ৩-০! স্টেডিয়ামের কোরাসই বলছিল, বার্সার বিশ্বাসের জোর তখন কতটা।

৬২ মিনিটে কাভানি পিএসজিকে ‘অ্যাওয়ে’ গোল এনে দেওয়ায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ন্যু ক্যাম্প। কিন্তু সেটিকেই শেষ পর্যন্ত গগনবিদারী উল্লাসে ভাসিয়েছে বার্সা। প্রায় অসম্ভব এক প্রত্যাবর্তনের সাক্ষী বানিয়ে। শেষ ৭ মিনিটে ৩ গোলের শিহরণ ছড়িয়ে। নেইমারের পাসে রবার্তোর গোলের পর এদিক-ওদিক দৌড়াদৌড়ি, মেসি-নেইমারের কান্না, পিএসজি খেলোয়াড়দের অবিশ্বাসে মূঢ় হয়ে থাকা...।

অনির্বচনীয় অনুভূতিগুলোকে শব্দে ব্যাখ্যা করার সাধ্য কার!