মহাতারকার খোঁজে ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলে নতুন একটা ‘চমক’ উপহার দেবে ম্যানচেস্টার ইউনাইটেড—লুই ফন গালের ঘোষণার পর অনেকে নড়েচড়ে বসেছিল। ইউনাইটেড কোচের ইঙ্গিতটা ছিল কার দিকে? কয়েক মৌসুম ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে ফেরার গুঞ্জনটা মোটামুটি নিয়মিত হয়ে গেছে। ফন গালের কথার সঙ্গে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলতেও তাই দেরি হয়নি। কিন্তু ইউনাইটেড সমর্থকদের আশার বেলুনটা পরশু ফাটিয়ে দিয়েছেন ফন গাল নিজেই, আর যা-ই হোক, রোনালদো অন্তত আসছেন না।
এই মৌসুমের দলবদলে এরই মধ্যে প্রায় ১০ কোটি ইউরোর বেশি খরচ করে ফেলেছে ইউনাইটেড। বোঝাই যাচ্ছে, দুই মৌসুমের শিরোপা-খরা ঘোচাতে ফল গালকে মুক্ত হাতে খরচ করার স্বাধীনতা দিয়েছে ক্লাব। ফন গাল মানেন, রোনালদো ওল্ড ট্রাফোর্ডে আসতে চাইলে ক্লাব স্বাগত জানাবে, কিন্তু বাস্তবতাটাও তাঁর জানা, ‘রোনালদোকে আনা আসলে অসম্ভব। কারণ সে রিয়ালের মতো ক্লাবে খেলে। আর ইউনাইটেডের খরচ করারও একটা সীমা আছে।’
দলে বিশ্বমানের একজন খেলোয়াড়ের শূন্যতাটা ডাচ কোচ যেন স্বীকারই করে নিলেন, ‘বায়ার্নে যেমন রিবেরি ও রোবেন আছে। চেলসিতে হ্যাজার্ড গোল করতে ও করাতে পারে। অস্কার, উইলিয়ান তো আছেই। সিটিতে আগুয়েরোও একই রকম। বার্সেলোনায় মেসি, নেইমার, সুয়ারেজ আছে। ওদের সঙ্গে আমাদের লড়াই করতে হলে সে রকম খেলোয়াড়ই লাগবে।’
এর মধ্যে আবার শোনা যাচ্ছে, অ্যাঙ্গেল ডি মারিয়া পিএসজিতে চলে যেতে পারেন। আক্রমণে সৃষ্টিশীল কাউকে পাওয়ার ব্যগ্রতাটা গোপন করলেন না ইউনাইটেড কোচ, ‘আমাদের আরও সৃষ্টিশীল খেলোয়াড় দরকার। কারণ যারা রক্ষণাত্মক খেলে, তাদের ব্যূহটা ভেদ করতে হবে আমাদের। এ বছর সে রকম দলের সংখ্যা তো আরও বাড়তে পারে।’
তাহলে কি ইউনাইটেড একজন স্ট্রাইকারই কিনবে? এএফপি, বিবিসি।