মহাদেশসেরা হওয়ার চার বছর পর রোনালদিনিওর সাবেক ক্লাবের অবনমন

এবার অবনমিত হয়েছে গ্রেমিওছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি না, মাত্র চার বছর আগেই লাতিন আমেরিকার শ্রেষ্ঠ ক্লাবের তকমা জুটেছিল গ্রেমিওর কপালে। আর্জেন্টাইন ক্লাব লানুসকে হারিয়ে লাতিন আমেরিকার ‘চ্যাম্পিয়নস লিগ’ নামে খ্যাত কোপা লিবের্তাদোরেস জিতেছিল গ্রেমিও।

চার বছর মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়ে গেল তাদের। ব্রাজিলের শীর্ষ বিভাগ থেকে অবনমিত হয়েছে ক্লাবটি।

রোনালদিনিও, যখন গ্রেমিওর হয়ে খেলতেন
ছবি : টুইটার

ব্রাজিলিয়ান লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো মিনেইরো। দিয়েগো কস্তা-হাল্কদের মিনেইরোর বিপক্ষেই গতকাল মুখোমুখি হয়েছিল গ্রেমিও। শীর্ষ বিভাগে টিকে থাকার জন্য গ্রেমিওকে জিততে তো হতোই, সঙ্গে পয়েন্ট তালিকায় তাঁদের ঠিক ওপরে থাকা হুভেন্তুদকে হারতেও হতো।

মিনেইরোকে ৪-৩ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলেও হুভেন্তুদের কাছ থেকে কোনো ‘সাহায্য’ আসেনি। নিজেদের ম্যাচে করিন্থিয়ানসকে ১-০ গোলে হারিয়ে হুভেন্তুদ অবনমন এড়িয়েছে। ওদিকে ২০ ক্লাবের লিগে ১৭তম হয়ে অবনমিত হয়েছে গ্রেমিও।

গ্রেমিওতে আলো ছড়িয়েই বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন আর্থুর মেলো
ছবি : টুইটার

প্রতিবছর ব্রাজিলের শীর্ষ লিগ থেকে চারটি দল অবনমিত হয়। এবার গ্রেমিওর সঙ্গে অবনমিত হয়েছে বাহিয়া, স্পোর্ত রেসিফে ও শাপেকোয়েনস। ১৬তম হয়ে অবনমন এড়িয়েছে হুভেন্তুদ।


তবে গ্রেমিওর দলটা যে খুব দুর্বল, বলা যাবে না। বেশ কিছু পরিচিত মুখ আছে এই স্কোয়াডে। জুভেন্টাস থেকে ধারে খেলছেন ব্রাজিলিয়ান উইঙ্গার দগলাস কস্তা, আছেন বায়ার্নের সাবেক ব্রাজিলিয়ান রাইটব্যাক রাফিনিয়া। আছেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার লুকাস সিলভা ও চার বছর আগেই কোপা লিবের্তাদোরেস জেতা ডিফেন্ডার পেদ্রো গেরোমেল ও ওয়ালতার কানেমান। যত যা–ই হোক, কাগজে-কলমে গ্রেমিও অন্তত অবনমিত হওয়ার মতো দল নয়। কিন্তু ফুটবলে তো কত কিছুই ঘটতে পারে!

গ্রেমিওর বর্তমান দলে আছেন দগলাস কস্তা
ছবি : টুইটার

অথচ যুগ যুগ ধরে গ্রেমিও ব্রাজিলের ফুটবলকে একের পর এক রত্ন উপহার দিয়ে গেছে। এ ক্লাবে খেলেই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন পরবর্তী সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া রোনালদিনিও। চার বছর আগে এই ক্লাবেই আলো ছড়িয়ে পরে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন মিডফিল্ডার আর্থুর মেলো। কোপা আমেরিকাজয়ী ব্রাজিলিয়ান উইঙ্গার এভেরতন সোয়ারেস এই দলেই নাম কামিয়ে পরে যোগ দিয়েছেন বেনফিকায়।


সেই গ্রেমিও–ই এখন খেলবে দ্বিতীয় বিভাগে।