মহিলা বিশ্বকাপেও 'মেসি জাদু'!

স্কার্ট পরা পেলেকে আগেই পেয়ে গেছে ফুটবল বিশ্ব। এবার স্কার্ট পরা মেসি আর জিনেদিন জিদানের দেখাও মিলল!
কানাডায় চলছে মহিলা বিশ্বকাপের সপ্তম আসর। যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। আর সেই ম্যাচে ১২ মিনিটে মেগান রাপিনো যে গোলটি করেছেন, সেটিকে বলা হচ্ছে ‘মেসির জাদু’। ২৯ বছর বয়সী এই প্লেমেকার ম্যাচে আরেকটি গোল করেছেন। কিন্তু আলোচনায় প্রথম গোলটিই।
সেই গোলটি এরই মধ্যে বেশ হইচই ফেলে দিয়েছে। ফিফার ইউটিউব চ্যানেলে গোলটি এরই মধ্যে দেখা হয়েছে প্রায় ৩ লাখ ৭০ হাজারবার। নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত গোলটির প্রশংসা করে শিরোনাম করেছে: মহিলা বিশ্বকাপে দেখা যাচ্ছে মেসির চিহ্ন।
নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে বলটি আসে রাপিনোর কাছে। প্রথমে চোখে মুগ্ধতার পরশ বোলানো দারুণ ব্যাকহিল ড্রিবল করে ছিটকে ফেলেন এক ডিফেন্ডারকে। এর পর বল নিয়ে দারুণ গতিতে ঢুকতে থাকেন ডি বক্সে। তাঁকে ঘিরে ধরে পাঁচজন ডিফেন্ডার। আর এগোনো যাবে না দেখে বক্সের প্রান্ত থেকেই শট নেন। ডিফ্লেকটেড সেই শট জড়িয়ে যায় জালে। ডিফেন্ডারদের জটলার ভেতর থেকে এমন গোল মেসি করেন বলেই হয়তো হচ্ছে তুলনা।

রাপিনো নিজেও সেদিন ম্যাচ শেষে গর্বিত ভঙ্গিতে বলেছেন, ‘আমি আমার সেরা মেসি জাদুটাই দেখাচ্ছিলাম।’
মেয়েদের ফুটবল নিয়ে এখনো পুরুষতান্ত্রিক এই বিশ্বে কিছুটা তাচ্ছিল্যের সুর আছে। কিন্তু সব বাধা ডিঙিয়ে সমাজের আর দশটা ক্ষেত্রের মতো ফুটবলেও এগোচ্ছেন নারীরা। এবারের বিশ্বকাপ তো মন্ত্রমুগ্ধ করছে বেশ কয়েকজন খেলোয়াড়ের দক্ষতায়। ফ্রান্সের ২৮ বছর বয়সী মিডফিল্ডার লুসিয়া নেসিবকে বলা হচ্ছে মেয়েদের জিদান। জিদানের মতো তিনিও আলজেরিয়ান বংশোদ্ভূত। মার্তাকে খোদ পেলেই বলেছিলেন ‘ও হচ্ছে স্কার্ট পরা পেলে’। যদিও অনেকে তাঁকে মেয়েদের রোনালদিনহোও বলেন।
কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, এভাবে মেয়েদের মেসি, মেয়েদের জিদান বলাটাও তো এই নারী ফুটবলারদের জন্য এক রকম অপমান। পুরুষদের দিয়েই তো তুলনা করা হলো। কেন তাঁরা নিজেদের পরিচয়ে পরিচিত হবেন না?
খুবই যৌক্তিক প্রশ্ন। আর এ কারণেই হল্যান্ডের ভিভিয়ানে মিয়েদেমা মোটেও পছন্দ করেন না তাঁকে ‘মেয়েদের রোবেন’ বলাটাকে। মাত্র ১৮ বছর বয়সী এই ডাচ তারকা বলেছেন, ‘হ্যাঁ, আমাকে ওটা অনেক শুনতে হয়। কিন্তু আমি আর আরিয়েন একেবারে আলাদা রকমের খেলোয়াড়। হয়তো তাঁর সঙ্গে তুলনা হওয়াটা দারুণ কিছু, কিন্তু একজন নারী হিসেবে আমার কাছে পুরুষদের সঙ্গে তুলনা হওয়াটা আমার কাছে অদ্ভুত লাগে। আমি ভিভিয়ানে মিয়েদেমা, পুরুষেরা যেভাবে খেলে আমি সেভাবে খেলি না।’
একই বক্তব্য লোটা শেলিনেরও। সুইড ফরোয়ার্ডকে বলা হয় মেয়েদের ইব্রাহিমোভিচ। কিন্তু শেলিন বলছেন, ‘তুলনাটা একদিক দিয়ে দারুণ। উনি আমাকে অনেক প্রেরণা দেন, ওনার খেলা দেখতেও আমার ভালো লাগে। কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যবধান। আর আমি চাই মেয়েরা আমাকে মেয়েদের জ্লাতান নয়, লোটা শেলিন হিসেবেই অনুসরণ করুক।’
তবে অনেকে এটাকে ‘পুরুষবাদী’ বা ‘নারীবাদী’ ভাগে ভাগ করতে চান না। খেলা তো খেলাই। সুইস তারকা রামোনা বাখমান যেমন বলছেন, ‘মেসি আমার আদর্শ। ওর মতো কেউ হয় না, ও যেন অন্য গ্রহ থেকে আসা কেউ।’ নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় আসা ক্যামেরুনের গা লে এনগানামুইত বলছেন, ‘আমার চোখে স্যামুয়েল ইতোই বিশ্বের সেরা ফরোয়ার্ড। আমি চাই একদিন আমাকে মেয়েদের ইতো বলে ডাকা হোক।’

এর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক হতেই পারে। তবে রাপিনোকে দিয়ে লেখাটার শুরু, তাঁকে দিয়েই শেষ করা যাক। রাপিনোর এমন এক কীর্তি আছে, যেটা নারী তো বটেই, পুরুষদেরও নেই। ২০১২ অলিম্পিকে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন তিনি, অলিম্পিকে এই কীর্তি অনন্য। যেটি বিখ্যাত হয়ে আছে ‘গোল অলিম্পিকো’ নামে। বিশ্বকাপের ইতিহাসে ‘অলিম্পিক গোল’ করার কীর্তি আছে একজনেরই। ১৯৬২ সালে কলম্বিয়ার প্লে মেকার মার্কোস কল কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন, সেটিও সর্বকালের সেরা গোলরক্ষক লেভ ইয়াশিনকে পরাস্ত করে!