মাইকনের বাদ পড়া নিয়ে রহস্য
নিউজার্সিতে আজ ইকুয়েডরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ (বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায়), কিন্তু এর আগে ব্রাজিল দলে বইছে অস্বস্তির গুমোট হাওয়া।
হঠাৎ করেই ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়েছে মাইকনকে। কিন্তু কী কারণে, তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর গিলমার রিনালদো শুধু জানিয়েছেন, ‘ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা ছিল অভ্যন্তরীণ একটা সমস্যা। আমি এটা নিয়ে আর কোনো উত্তর দেব না, আশা করব খেলোয়াড়দের কাছেও কেউ এ ব্যাপারে কিছু জানতে চাইবেন না।’ তার পরের কথায় যা ইঙ্গিত, তাতে মাইকনের ব্রাজিল-অধ্যায় শেষ হয়ে গেছে বলে মনে করাও স্বাভাবিক, ‘ব্রাজিলের হয়ে ও যা করেছে, সে জন্য ওকে অনেক ধন্যবাদ।’
কিন্তু হঠাৎ কী এমন হলো, যাতে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ওপর এমন খড়্গ নেমে এল? কলম্বিয়ার সঙ্গে গত সপ্তাহের ম্যাচেও তো শুরু থেকেই খেলেছেন। এমনকি ম্যাচ শেষে দুঙ্গা রোমার এই রাইটব্যাকের প্রশংসাও করেছিলেন। কী এমন করেছেন, যার জন্য হুট করে অপাঙ্ক্তেয় হয়ে গেলেন?
একটা প্রশ্ন উঠবেই, রিনালদো যে ‘অভ্যন্তরীণ’ সমস্যার আভাস দিয়েছেন সেটা কি শৃঙ্খলাগত? ব্রাজিলিয়ান প্রচারমাধ্যমের আভাস সে রকমই। সতীর্থ এলিয়াসের সঙ্গে ‘খুব বাজে’ ধরনের একটা রসিকতা করার জন্য নাকি এমন শাস্তি পেতে হয়েছে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে। তবে মাইকনের বোন দাবি করেছেন, এমন কিছু হয়নি। বরং দেশের হয়ে শতভাগ দিতে পারছেন না ভেবে মাইকন নিজে থেকেই বিদায় নিয়েছেন।
কারণ যা-ই হোক, এর মধ্যে মাইকনের বদলি হিসেবে নেওয়া হয়েছে মোনাকো ডিফেন্ডার ফাবিনহোকে। তবে এতে কি দুঙ্গার উদ্বেগ কমছে? থিয়াগো সিলভা আগে থেকেই নেই, চোটের কারণে খেলতে পারছেন না ডেভিড লুইজও। এবার মাইকনও না থাকায় অনেক দিনের মধ্যে সবচেয়ে অনভিজ্ঞ রক্ষণ নিয়েই নামতে হচ্ছে ব্রাজিলকে। ইএসপিএন, গোলডটকম।