মাকে জয় উৎসর্গ সোহেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে তাঁর গোলেই তিন বছর পর এল জয়। সোহেল রানার উদ্যাপনও হলো বাঁধভাঙা। কাল আর্মি স্টেডিয়ামে l প্রথম আলো
ঘরের মাঠে তাঁর গোলেই তিন বছর পর এল জয়। সোহেল রানার উদ্যাপনও হলো বাঁধভাঙা। কাল আর্মি স্টেডিয়ামে l প্রথম আলো

ক্যানসারে ভোগা মুমূর্ষু বাবাকে ফেলে ঢাকায় আসতে কিছুতেই মনটা সায় দিচ্ছিল না। তবু পেশাদারির কঠিন বাস্তবতা মেনেই হল্যান্ড থেকে কাল বাংলাদেশে এলেন লোডভিক ডি ক্রুইফ। ডাগআউটে দাঁড়িয়েও হয়তো মৃত্যুপথযাত্রী বাবার কথাই মনে করছিলেন ডাচ কোচ।
ক্রুইফের শুকনো মুখে কাল হাসি ফোটালেন আরেক ক্যানসার আক্রান্ত পরিবারের সদস্য সোহেল রানা। নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জয়ের নায়ক সোহেলের মা যে ক্যানসারে ভুগেই মারা গেছেন! কাল গোলের পর তাই সবার আগে বললেন, ‘এই জয়টি মাকে উৎসর্গ করছি। অনেক দিন ক্যানসারে ভুগে ২০০৮ সালে মা আমাদের ছেড়ে চলে যান। মা বেঁচে থাকলে আজ নিশ্চয় খুব খুশি হতেন। আসলে মায়ের অনুপ্রেরণাতেই আমার ফুটবলে আসা।’
এরই মধ্যে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন শেখ জামালের তরুণ ফরোয়ার্ড। কিন্তু দেশের জার্সিতে কালই প্রথম গোল করলেন। তবে গোলের পর বাঁধভাঙা আনন্দে মেতে উঠলেও হৃদয়ের গহিনে বারবার ভেসে উঠছিল মায়ের মমতাময়ী মুখখানি।
ক্লাব ফুটবলে হরহামেশাই গোল করেছেন। কিন্তু দর্শকদের এমন খ্যাপাটে ‘আদর’ কখনোই দেখেননি সোহেল। ম্যাচ শেষ হতে না হতেই চারপাশ থেকে সোহেলকে ঘিরে চলল উৎসব। কেউ মুঠোফোনে, কেউ আইপ্যাডে সোহেলের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন। খ্যাতির বিড়ম্বনা হাসিমুখেই সহ্য করতে হলো সারা গায়ে কাদামাখা সোহেলকে।
দেশের হয়ে গোল, তা-ও আবার জয়সূচক। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সোহেল বলছিলেন, ‘এই আনন্দ আসলে বলে বোঝাতে পারব না। সাফে আমরা ওদের মাঠে হেরেছিলাম, আজ আমাদের মাঠে ওদের হারিয়েছি। এই আনন্দ সত্যি অন্য রকম।’ এমন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আরও বেশি আয়োজনের দাবি করলেন ফেডারেশনের কাছে, ‘এভাবে প্রতি মাসে যদি দুটি করে প্রীতি ম্যাচের আয়োজন করত বাফুফে, তাহলে আমাদের ফুটবল আরও ওপরে উঠে যেত।’
লাল-সবুজ জার্সি পরে গোল করবেন—এমন স্বপ্ন প্রতিটি ম্যাচের আগেই দেখতেন সোহেল, ‘সবার স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে গোল করার। অবশেষে আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।’ মাঠে দর্শকদের উপস্থিতি তাঁকে দিয়েছে বাড়তি প্রেরণা, ‘দর্শক না থাকলে মাঠে খেলে মজা পাওয়া যায় না। দর্শক থাকলেই শতভাগ উজাড় করে দিতে পারি।’
শুধু সোহেলই নন, কাল সবাই যেন মাঠে উজাড় করে খেলেছেন। আর এতেই দারুণ খুশি ডি ক্রুইফ, ‘আমি ছেলেদের পারফরম্যান্সে খুবই খুশি। যদিও মাঠটা খেলার অনুপযুক্ত ছিল। পানি জমে ছিল অনেক জায়গায়। তার পরও ছেলেরা বেশ ভালো খেলেছে। সোহেলের গোলটা তো অসাধারণ। তবে আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে। আশা করি সিলেটের ম্যাচে আরও ভালো খেলবে ছেলেরা।’ সহকারী রেনে কোস্টারকে কৃতিত্ব দিয়ে বললেন, ‘আমার অনুপস্থিতিতে রেনে খুব ভালোভাবে দলটাকে তৈরি করেছে। মূল কৃতিত্বটাও ওরই।’ নেপালের কোচ জ্যাক স্টেফানোস্কি খুশি ছিলেন না তাঁর দলের খেলায়, ‘প্রথমার্থে আমরা বাজে খেলেছি। ভিন্ন পরিবেশে মানিয়ে নিতে আমাদের একটু সমস্যাই হয়েছে।’
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহেল কিন্তু কোস্টার বললেন, ‘পুরস্কারটা পাবে গোটা বাংলাদেশ দলই।’