মাকে বেশি ভালোবাসেন, নাকি বাবাকে?

প্রশ্নটার উত্তর দেওয়া আসলেই কঠিন। হয়তো আমরা কেউ মাকে একটু বেশি ভালোবাসি। কারও হয়তো বাবার প্রতিই একটা টান। কিন্তু এও কি প্রকাশ্যে বলা সম্ভব, বাবার চেয়ে আমি মাকে বেশি ভালোবাসি। কিংবা মায়ের চেয়ে বাবাকে।
মেসি নাকি রোনালদো প্রশ্নটার উত্তর দেওয়া যেমন কঠিন, আবার সহজও। তাঁদের নিজ নিজ সমর্থকদের কাছে উত্তরটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যাঁরা ভালোবাসেন ফুটবলকে, কোনো দল বা খেলোয়াড়ের মোহ থেকে নয়, তাঁদের জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কতটা কঠিন? খুব ভালো একটা উদাহরণ টেনেছেন আলেসান্দ্রো দেল পিয়েরো। জুভেন্টাস কিংবদন্তি বলেছেন, এ যেন কাউকে প্রশ্ন করা, আপনি মাকে বেশি ভালোবাসেন, নাকি বাবাকে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে দেল পিয়েরো বলেছেন, ‘ওদের দুজনের প্রত্যেকেই চায় অন্যজন যেন এমন কিছু করে, যাতে সে নিজেকে আরও ভালো করে তুলতে পারে, খেলার জগতের আর সব মহান দ্বৈরথের মতোই। জন ম্যাকেনরো বনাম বিয়োন বর্গ, রজার ফেদেরার বনাম রাফায়েল নাদালের মতো এই দুই খেলোয়াড়ও সব সময় সেরা হওয়ার জন্য লড়াই করছে। এই দুজনের মধ্যে সেরা কে? প্রশ্নটা অনেকটা আমি আমার মাকে বেশি ভালোবাসি, নাকি বাবাকে—এর মতো। আমি বরং এর উত্তরই দেব না।’
গত সাত বছর ধরে এই দুজন ব্যালন ডি’অর জিতেছেন। সাত বছর ধরে দুজনে মিলে একের পর এক রেকর্ড ভেঙেছেন। দেল পিয়েরো মনে করেন, এতে আখেরে লাভ হয়েছে ফুটবলের। ফুটবলের মানটাকে তারা দুজনে মিলে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। অন্য এক মাত্রায়। আগে মৌসুমে ৩৫-৪০ গোল করলেই বর্ষসেরা হওয়া যেত। এখন ৫০ গোল করেও বর্ষসেরা হওয়া নিশ্চিত নয়।