মাগুরায় খেলবেন জাতীয় দলের ফুটবলাররা
ঢাকায় চলছে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আবাসিক ক্যাম্প। সেই ক্যাম্প বন্ধ রেখে মাগুরার স্থানীয় টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন জাতীয় দলের ১০ ফুটবলার। মোহামেডানের মাসুক মিয়া জনি ও আমিনুর রহমান সজীব কাল রাতেই মাগুরা গেছেন। আগামীকাল যাওয়ার কথা আবাহনীর ওয়ালী ফয়সাল, শাকিল আহমেদ, তপু বর্মণ, জুয়েল রানা, ইমন বাবু, শাহেদুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন ও আতিকুর রহমান ফাহাদের।
ক্যাম্প চলার সময় এভাবে ঢাকার বাইরে খেলতে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘প্রধানমন্ত্রীর পিএসের বাবার নামে সেখানে একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হচ্ছে। আমাদের ক্লাবের (আবাহনী) পক্ষ থেকে অনেক আগেই কথা দেওয়া হয়েছিল আয়োজকদের। অন্য ক্লাবগুলোও বাফুফেকে অনুরোধ করেছে, যাতে সেখানে তারাও খেলতে পারে। কোচ জানিয়েছেন, যেহেতু এটা অনুশীলন ম্যাচ, তা ছাড়া বিশ্বকাপের খেলাও দেরি আছে, তাই কেউ যেতে চাইলে আপত্তি নেই।’ ক্যাম্পে কাল আরও দুজন ফুটবলারকে ডেকেছেন জাতীয় দলের কোচ গনজালো মোরেনো—মিডফিল্ডার শাহেদুল আলম ও ডিফেন্ডার আরিফুল ইসলাম। সব মিলিয়ে ২৪ জন ফুটবলার ডাক পেয়েছেন ক্যাম্পে।
স্বাধীনতা কাপ শুরু ৩০ মার্চ: পেশাদার লিগ কমিটির কালকের সভা শেষে জানানো হয়েছে, ৩০ মার্চ স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে এবারের ঘরোয়া ফুটবল। টুর্নামেন্ট শেষ ২০ এপ্রিল। ৫ মে শুরু প্রিমিয়ার লিগ ফুটবল। এ ছাড়া ২৭ মার্চ সারা দেশের ৯টি অঞ্চলে শুরু হবে শেরেবাংলা কাপ।