মাচেরানোই তো বার্সার আসল অধিনায়ক

এ মৌসুমে বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো খবর কী? রিয়াল মাদ্রিদের মুখের গ্রাস আন্দ্রে গোমেজকে দলে টানা কিংবা ক্লাবের ভবিষ্যৎ ডেনিস সুয়ারেজকে আবারও ফিরিয়ে আনা? না, এর চেয়েও বড় সুখবর পেয়ে গেছে বার্সা। হাভিয়ের মাচেরানোর ক্লাব ছাড়ার ইচ্ছাকে দমানো গেছে। আরও তিন বছরের জন্য কাতালান ক্লাবটিতে থেকে যাচ্ছেন এই আর্জেন্টাইন।
মৌসুমের শুরু থেকেই গুঞ্জন, বার্সেলোনা ছাড়ছেন মাচেরানো। ৮ বছর বার্সায় খেলে এ মৌসুমেই জুভেন্টাসে চলে গেছেন দানি আলভেজ। সেখানে গিয়ে বন্ধু মাচেরানোর জন্যও ডাক পাঠিয়েছিলেন, ‘এই রোমাঞ্চপূর্ণ অভিযানে মাচেরানোকে সঙ্গী হিসেবে পেলে দারুণ হতো।’ কিন্তু সে প্রলোভন এড়িয়েছেন মাচেরানো, ‘ক্লাব বলছে, আমাকে নিয়ে তারা খুব খুশি, তারা আমাকে যেতে দেবে না।’
২০১০ সালে লিওনেল মেসির পরামর্শে লিভারপুল থেকে তাঁকে দলে টেনেছিল বার্সেলোনা। প্রথম ম্যাচেই হার, তাও ঘরের মাঠে অখ্যাত হারকিউলিসের কাছে। প্রথম ম্যাচেই সমালোচনা, বার্সেলোনার খেলার সঙ্গে যান না মাচেরানো! কিন্তু ঠিকই মানিয়ে নিয়েছেন এই আর্জেন্টাইন; তবে মিডফিল্ডার নন ডিফেন্ডার হিসেবে! বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জিতেছেন, হয়ে উঠেছেন সেন্টার ডিফেন্ডারদের মধ্যে বিশ্বসেরাদের একজন। তবে শুধু একজন ডিফেন্ডার নন, একজন দলনেতাও হয়ে উঠেছেন মাচেরানো।
বার্সেলোনার কোচ লুইস এনরিকে তো শুধু শুধু বলেননি, ‘মাচেরানো হচ্ছে জাভির মতো। মাঠে ও মাঠের বাইরে তার ব্যক্তিত্বই এতটা গুরুত্বপূর্ণ করেছে তাঁকে। একজন দলনেতার কেমন হওয়া উচিত, সেটির প্রকৃত উদাহরণ সে।’
তবে মাচেরানো বার্সেলোনার দলনেতা নন, নন আর্জেন্টিনারও। কিন্তু এতে কি কিছু যায় আসে? কারণ মাচেরানো হলেন এমন একজন, যিনি সবাইকে আগলে রাখেন। প্রয়োজনে সবার মনোবল বাড়াতে জানেন, মাঠে যিনি কোচ হয়ে যান। দল যখন বিপদে পড়ে, তখন তাঁর দিকেই সবাই জবাব খোঁজে। তিনি হচ্ছেন সেই দলনেতা যাঁকে কখনো বাহুবন্ধনী পরতে হয় না।
আর মাচেরানো কেন একটি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ সেটি তো তাঁকে দলে টানা কোচ পেপ গার্দিওলাই বলে দিয়েছিলেন, ‘ক্লাব এমন একজনকে এনেছে, যাকে আমি বা অন্য কেউ পরিবর্তন করতে চাইবে না। আমি কখনো তাকে বিক্রি করব না। সে সম্পূর্ণ অন্য ধরনের এক খেলোয়াড়।’
তারকায় ভরা বার্সেলোনা একাদশে আক্রমণভাগের খেলোয়াড় না হয়েও মাচেরানোকে রেখে দেওয়া অনেক বড় সুখবর তো বটেই। মাচেরানোই যে বার্সার আসল অধিনায়ক! সূত্র: গোল ডট কম।