মাচেরানোকে ভয় পান মেসি!

পুরো দুনিয়ায় রক্ষণভাগ ত্রাস মানে তাঁকে। লিওনেল মেসিকে মাঠে ভয় পায় না, এমন প্রতিপক্ষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। কিন্তু মেসি নিজে একজনকে খুব ভয় পান। তবে রক্ষে সেই খেলোয়াড়ের বিপক্ষে খেলার মাঠে মুখোমুখি হতে হয় না তাঁকে। মেসির ক্লাব এবং জাতীয় দলের সতীর্থ হাভিয়ের মাসচেরানোই সেই খেলোয়াড় যাকে রীতিমতো ভয় পান মেসি।
‘নেতৃত্বের ১৫টি ধাপ’ নামে একটি বই লিখেছেন মাচেরানো। আর্জেন্টাইন মধ্যমাঠের এই ‘নেতা’ নিজের বইয়ের ভূমিকা লেখার দায়িত্ব দিয়েছিলেন সতীর্থ মেসিকেই। সেই ভূমিকাতেই এই চমকপ্রদ তথ্যটি জানালেন মেসি। মাচেরানো যেদিন মাঠে নিজেকে পুরোপুরি উজার করে দিতে পারেন না, সেদিন তাঁর মেজাজ-মর্জি এতটাই উত্তপ্ত থাকে যে তাঁর সঙ্গে কথা বলতেই নাকি ভয় লাগে মেসির। এই সময়টা নাকি মাচেরানোর সঙ্গে কথা বলা খুই ঝুঁকিপূর্ণ!
মেসি জানিয়েছেন মাচেরানোর মেজাজ-মর্জিও নাকি একটু অননুমেয়ই, ‘মাচেরানোর মন মেজাজ বোঝা বেশ মুশকিল। কোনো দিন সে প্রচুর কথা বলে, হাসি ঠাট্টা করে। কিন্তু মাঝে মাঝে খুব বাজে দিন আসে। ওরকম দিনগুলিতে তাঁকে না ঘাঁটানোই ভালো। আমরা যারা তাঁর আশেপাশে থাকি, সেই সময়গুলোতে কেউই নিজে থেকে তাঁর সঙ্গে কথা বলতে যাই না।’
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম খেলায় খেলতে পারেননি মেসি। সেদিন আর্জেন্টিনার নেতৃত্বের ভার ছিল মাচেরানোর হাতেই। আর্জেন্টিনা ২-০ গোলে হারলেও সতীর্থকে পূর্ণ সমর্থন দিচ্ছেন মেসি, ‘মাচেরানো জানে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। সে নেতা হিসেবে খুব ইতিবাচক। গত বিশ্বকাপে অধিনায়কত্বের আর্মব্যান্ড হয়তো আমার হাতেই ছিল, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সে আমায় দারুণ সাহায্য করেছে।’ সূত্র: এএফপি