মাচেরানো বার্সা ছাড়লে আর্জেন্টিনার ক্ষতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাচেরানো চীনে গেলে বিপাকে পড়বে আর্জেন্টিনা? ফাইল ছবি
মাচেরানো চীনে গেলে বিপাকে পড়বে আর্জেন্টিনা? ফাইল ছবি

এই মৌসুমেই দল ছাড়ছেন হাভিয়ের মাচেরানো। সেটাও জুলাইয়ে নয়, এই জানুয়ারিতেই। বাজারের গুঞ্জন সত্যি হলে বার্সেলোনা ছেড়ে চীনের হেবেই ফরচুনে তরি ভেড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার। এ গুঞ্জন সত্যি হলে তাঁর সমস্যা যতটুকু হবে, এর চেয়ে বড় ক্ষতিটা হবে তাঁর জাতীয় দলের। 

বয়সের চাকা ঘুরে ঘুরতে বয়সটা এখন ৩৩। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা দলের অন্যতম সেরা এবং প্রধান হিসেবে দুর্গটা সামলাচ্ছেন। বয়স যে ৩৩ সেটা বোঝাই দায়। তাঁর দায়িত্বজ্ঞান ও খেলায় প্রভাব দেখে কেউ বলবে না যে ফুরিয়ে গেছেন। নিজের সেরাটা দিয়ে খেলছেন সব সময়।
বিশ্বকাপের ঠিক আগে আগে বার্সেলোনার মতো দল ছেড়ে চীনে চলে যাচ্ছেন মাচেরানো। সেখানে আর্জেন্টিনার সেরা দলটা কোনোমতে নিশ্চিত করেছে বিশ্বকাপ। লিওনেল মেসির জন্য বলতে গেলে এটাই শেষ সুযোগ, দলকে কিছু জেতানোর। তবে এ দলের রক্ষণে আশা-ভরসা একজনের ওপরই, মাচেরানো।
মাচেরানোর বয়সটা বেড়ে গেলেও তাঁর মতো কাউকে খুঁজে পায়নি আর্জেন্টিনা। যে দলটার রক্ষণকে দুর্গ বানিয়ে ফেলতে পারবেন। ফ্যাজিও আর ওটামেন্ডির ওপর কারোরই ভরসা নেই। সেখানে নিশ্চুপ দলনেতা হিসেবে দলকে সামলে রাখার ব্যাপারটা এখনো কেউ করতে পারেন না। সে লোকটাই যদি চীনের লিগে চলে যান, তবে সেখান থেকে আর্জেন্টিনার সেরা খেলাটা পাওয়া অনেক কষ্টকর।
চায়নিজ সুপার লিগে ভালো স্কিলের ফরোয়ার্ড এখনো কম। সেখানে খেলে মাচেরানোর স্কিলে যে মরচে ধরবে না, তার নিশ্চয়তা কই! সব মিলিয়ে আর্জেন্টিনা দলে বেশ বড় একটা সমস্যা হতে পারে। যেটা প্রভাব ফেলতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্নেও।