মাচেরানোকে ছেড়েই দিল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার জার্সিতে একমাত্র গোল করছেন মাচেরানো। ফাইল ছবি
বার্সার জার্সিতে একমাত্র গোল করছেন মাচেরানো। ফাইল ছবি

১১.৮ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা দলে চলে এসেছেন ইয়েরি মিনা। এই কলম্বিয়ানের দলবদল নিশ্চিত হওয়ার পর থেকেই কথা হচ্ছিল কোনো এক ডিফেন্ডার ছেড়ে দিচ্ছেন বার্সেলোনা। তবে সেটা কে, এ নিয়ে কিছুটা চিন্তা ছিল বটে। উমতিতি, পিকে একাদশে জায়গা প্রায় নিশ্চিত। এ কারণে একজনেরই কপাল পুড়তে যাচ্ছে, মাচেরানোর।

বয়স কম হয়নি তাঁর। ৩৩ বছরে পা দেওয়া মাচেরানো চলে যাচ্ছেন অনেকটা নিশ্চিত হয়েছিল কুতিনহো যখন বলেছিলেন, ‘আমি ১৪ নম্বর জার্সিটা পরতে চাই।’ সব মিলিয়ে তাঁর বিদায়ের রাগিণী মূলত বেজে ছিল আগেই। এখন শুধু নিশ্চিত হওয়া বাকি, তা-ও প্রায় হওয়ার পথে।
লেভান্তের বিরুদ্ধে গত লিগ ম্যাচে নিজের সেরা খেলাটা দিয়ে দলের জাল অক্ষত রেখেছিলেন মাচেরানো। তবে যে সে ম্যাচটাই শেষ ম্যাচ হবে, তা বোধ হয় ভাবেননি। এ ডিফেন্ডারকে ছেড়ে দেওয়ার প্রায় সবকিছু নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। শেষ বয়সে চীনের ক্লাব হেবেই চায়না ফর্চুনেই তরি ভেড়াবেন মাচেরানো। তবে এখনো দরদাম চলছে দুই দলের মাঝে। বার্সা চাইছে ১০ মিলিয়ন ইউরো। কিন্তু সেখানে হেবেই দিতে চাচ্ছে ৬ মিলিয়ন। মূলত এই ঝামেলাতেই আটকে আছে এই দলবদল। চীনে এখন অবশ্য বড় অঙ্কের দলবদলের ওপর কড়াকড়ি চলছে। তাই বড় দাম দিয়ে কেনাও মুশকিল। তবে গুঞ্জন আছে, তারা মাচেরানোর সঙ্গে ডর্টমুন্ডের অবামেয়াংকেও চাচ্ছে।
মাচেরানোর বার্সা ক্যারিয়ারের সবচেয়ে মজার বিষয় ছিল গোল। ৬টি আত্মঘাতী গোল করলেও বার্সার পক্ষে গোল পাচ্ছিলেন না। গত মৌসুমে সে আক্ষেপ ঘুচেছে এক পেনাল্টি থেকে। তাঁর যে কাজ, ডিফেন্সে, সর্বদা নিজের কাজ করে গিয়েছেন কোনো প্রকার স্বার্থ ছাড়া। এই অভিজ্ঞ সেনানী ছাড়া কতটা এগিয়ে যায় বার্সা তা সময়ের হাতেই ছেড়ে দেওয়া যায়। তবে বার্সা ফ্যানরা আক্ষেপ করতে পারেন, তাদের সেই ‘ড্রিম ব্যাচে’র সেনানীরা একে একে ঝরে যাচ্ছে। মেসি, পিকে, ইনিয়েস্তা, বুসকেটস ছাড়া আর কেউই নেই।