মাঝমাঠই শক্তি
সন্ধ্যার আগেই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে ফুটবলাররা ছুটলেন গাড়ির দিকে। প্রধান ফটকের সামনে উৎসুক সমর্থকদের ভিড়। ফুটবলাররা গাড়িতে উঠছেন, দর্শকদের টুকরো-টুকরো শুভকামনা সঙ্গী হচ্ছিল তাঁদের।
অনুশীলন শেষে সবার পরে গাড়িতে উঠলেন মামুনুল ইসলাম। সবাই ঠিকমতো উঠেছেন কি না দেখে নিলেন অধিনায়ক। তাঁকেও আজ মাঠে দেখে রাখতে চায় থাইল্যান্ড। প্রতিপক্ষ কোচ ফমরাত চকতাভের নোটবইয়ে আছে আরও কয়েকটি নাম। মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস তাঁদের মধ্যে অন্যতম। থাই কোচের চোখে এই দুজন বদলে দিতে পারেন ম্যাচের রং।
টুর্নামেন্টের দুই ম্যাচে স্ট্রাইকার এমিলি গোল পাননি। মাঝমাঠ থেকে বলের জোগান দিচ্ছেন মামুনুল, হেমন্ত, জামাল ভূঁইয়ারা। তেড়েফুঁড়ে কখনো এগিয়ে যাচ্ছেন জাহিদ। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। আজ সেমিফাইনালে ছবিটা বদলাবে?
খেলোয়াড়েরা সমস্বরেই বদলের প্রতিশ্রুতি দিচ্ছেন। আক্রমণ তৈরিতে গুরুদায়িত্ব নিতে চান মাঝমাঠের সেনানীরা। উইঙ্গার জাহিদ এই ম্যাচ নিয়ে একটু বেশিই রোমাঞ্চিত, ‘এই ম্যাচে গোল করবই। ক্যারিয়ারের সেরা ম্যাচটা কালই (আজ) খেলতে চাই।’
২০০৯ সালে সর্বশেষ কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সাফে ভারতের সঙ্গে সেবার সেমিফাইনালে চোট খেলতে দেয়নি জাহিদকে। সব আলোচনা-সমালোচনা পেরিয়ে এই ম্যাচটিকে স্মরণীয় করতে চান টাঙ্গাইলের তরুণ, ‘গ্যালারিতে বসে সেবার দলের হার দেখেছি, এবার আর সেটা হতে দেব না।’
কোচ লোডভিক ডি ক্রুইফের মাথায় ঘুরছে নানা পরিকল্পনা, যার একটি সেটপিস থেকে গোল আদায়। এটা নিয়ে কাল বাড়তি কাজ করলেন। শ্রীলঙ্কা ম্যাচে হেমন্তর নিচু ভলি জাল খুঁজে পেয়েছিল, সেমির যুদ্ধেও তেমন কিছু চান কোচ। তাই শেষ বেলার প্রস্তুতিতে সেটপিস অনুশীলন করালেন। মামুনুলের ফ্রি-কিক লাগল ক্রসবারে, অন্যদের বার উঁচিয়ে।
অনুশীলনে হেমন্ত থাকলেন বেশ প্রাণবন্ত। সবার চোখ তাঁর দিকে। শ্রীলঙ্কা ম্যাচের জয়ের নায়ক মুখিয়ে আছেন দলকে ফাইনালে তুলতে, ‘থাইল্যান্ড ৬ পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠেছে। অবশ্যই ওরা ভালো দল। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজের সেরাটা খেলতে চাই। গোল করে দলকে ফাইনালে নিতে চাই।’
ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় বেশ ভালো খেলছেন জামাল ভূঁইয়া। ডি ক্রুইফের অন্যতম বড় অস্ত্রও তিনি। জামাল আসার পর বাংলাদেশ দলের চেহারা কিছুটা হলেও বদলেছে। ডেনমার্কপ্রবাসী জামালকে নিয়ে উচ্ছ্বসিত ডি ক্রুইফ, ‘আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। তার কাজটা এমন, যেটা আসলে আয়ারল্যান্ডের হয়ে রয় কিন করে, হল্যান্ডের করে থাকে নাইজেল ডি জং।’
শ্রীলঙ্কার কোচ নিকোলা কাভাজোভিচও জামালের প্রশংসায় পঞ্চমুখ। দেশে ফেরার আগে বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় আমার দেখা সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল।’ থাইল্যান্ডের কোচের মুখেও জামাল-স্তুতি, ‘জামাল আমাদের খেলাটা নষ্ট করে দিতে পারে, ওকে ফাঁকি দিয়ে রক্ষণে ঢোকা কঠিনই।’
এতসব প্রশংসা নিজের কানে শোনেননি জামাল। কথাগুলো কাল তাঁর কানে তুলতেই এল নিরস উত্তর, ‘ও তাই নাকি!’ যেন এসব নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। থাইল্যান্ডকে মোটেও খাটো করে দেখছেন না, ‘ওরা এমনিতেই ভালো খেলে। শক্তি আর গতি অনেক। তবে এসব নিয়ে ভাবছি না। জিতেই মাঠ ছাড়তে চাই আমরা।’
দর্শকেরা আজ দ্বাদশ খেলোয়াড় থাকবেন, আশাবাদ মামুনুলের। সমালোচনা আর চাপ কোনোটিই নিতে চান না অধিনায়ক, ‘সমালোচকেরা সারা জীবনই সমালোচনা করবে। সমর্থকেরা সব সময়ই আমাদের সঙ্গে। আমাদের জন্য এটা তাই মোটেও চাপ না।’
চাপমুক্ত উজ্জীবিত বাংলাদেশকেই আজ দেখতে চায় সবাই।